বিনোদন

শারীরিক অবস্থার অবনতি, ল্যাবএইড থেকে স্কয়ারে নেওয়া হলো মামুনুর রশীদকে

বরেণ্য অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে তাকে ল্যাবএইড হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত চার দিন ধরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন মামুনুর রশীদ। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন স্বজনেরা। বর্তমানে তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে তার শারীরিক অবস্থা পর্যালোচনায় মেডিক্যাল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিবারের সদস্যদের জানানো হয়, অভিনেতার অবস্থা সংকটাপন্ন। এরপরই তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুর রশীদের ছোট ভাই রশিদ আমিন।

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল এই অভিনেতাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া এবং রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। দেশে ফিরে আবার অভিনয়েও যুক্ত হন তিনি।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...