মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’। ভারতে সিরিজটির প্রচার ও সম্প্রচার বন্ধের দাবি তুলেছে দেশটির চলচ্চিত্রসংশ্লিষ্ট কয়েকটি সংগঠন। এ বিষয়ে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।
ফাওয়াদ খান, মাহিরা খান ও হামজা আলী আব্বাসি অভিনীত সিরিজটি আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির আগেই এটি ভারতে প্রচার না করার দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটি নেটফ্লিক্স কর্তৃপক্ষের কাছেও চিঠি পাঠিয়ে ভারতের প্ল্যাটফর্ম থেকে সিরিজটি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।
এআইসিডব্লিউএর বক্তব্য, পাকিস্তানি কনটেন্ট প্রচারের মাধ্যমে ভারত-সংশ্লিষ্ট বিষয়ে আপত্তিকর বার্তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ভারতে সিরিজটির সম্প্রচার বন্ধ রাখার দাবি জানিয়েছে তারা। এই দাবি মানা না হলে নেটফ্লিক্সের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি এবং প্ল্যাটফর্মটি বর্জনেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
অন্যদিকে, এফডব্লিউআইসিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠিতে পাকিস্তানি কনটেন্ট প্রচারের বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছে। চিঠিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৮ মে দেওয়া একটি পরামর্শের উল্লেখ করেছে সংগঠনটি। তাদের দাবি, ওই পরামর্শে পাকিস্তানি উৎসের কনটেন্ট প্রচার থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল।
এফডব্লিউআইসিই জানিয়েছে, তাদের দাবি উপেক্ষা করা হলে সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত নিতে পারে সংগঠনটি।
পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’। সিরিজটিতে ফাওয়াদ খান, মাহিরা খান ও হামজা আলী আব্বাসির পাশাপাশি অভিনয় করেছেন সানাম সাঈদসহ আরও কয়েকজন পরিচিত শিল্পী। প্রেম, সম্পর্ক ও জীবনের নানা জটিলতা নিয়ে এগিয়েছে সিরিজটির গল্প।
তবে ভারতীয় চলচ্চিত্র সংগঠনগুলোর দাবি ও প্রতিবাদের মধ্যেও দেশটিতে সিরিজটির মুক্তি বন্ধের কোনো ঘোষণা এখনো আসেনি। নেটফ্লিক্সের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বরই সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।