দীর্ঘ বিরতির পর টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর প্রযোজনায় নতুন সিনেমা নিয়ে ফিরছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় এক লড়াকু মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
দীর্ঘ ১২ বছর পর আবারও প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করছেন মিমি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সিনেমাটির পোস্টারে দেখা গেছে, চারপাশে আগুন জ্বলছে। সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে নিজের কন্যাসন্তানকে বুকে আগলে দাঁড়িয়ে আছেন মিমি। তার শরীরেও রয়েছে রক্তের দাগ। পোস্টারের দৃশ্যপট সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে এক মায়ের কঠিন লড়াইয়ের আভাস দিচ্ছে।
সিনেমাটিতে মিমির চরিত্রের নাম জয়ী। গল্পে জয়ীর চোখের সামনে একটি খুনের ঘটনা ঘটে। এরপর থেকেই তার জীবনে নেমে আসে একের পর এক বিপদ। সন্তানকে নিরাপদ রাখতে তাকে নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়।
কিন্তু কেন জয়ী ও তার সন্তানের ক্ষতি করতে চাইছে কেউ? এই বিপদের সময়ে গৌরবই বা কেন তার পাশে নেই? এমন নানা প্রশ্নকে ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প। এসব রহস্যের উত্তর মিলবে ‘তাণ্ডব’ দেখার পর।
সিনেমাটিতে মিমি চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়। আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে শক্তিমান অভিনেতা রজতাভ দত্তকে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।