দিনাজপুর প্রতিবেদকঃ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও মানবিক ভূমিকা রেখে চলেছে এ বাহিনী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়ন পরিষদে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি)।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এ ধরনের কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। বিজিবি নিয়মিতভাবে সীমান্তের মানুষের কল্যাণে ত্রাণ বিতরণ, দুর্যোগের সময় উদ্ধার ও খাদ্যসহায়তা, বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ এবং শিক্ষাসামগ্রী প্রদানের মতো সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সেক্টর কমান্ডার বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকেরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করতে পারবেন। এতে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বাড়বে।
তিনি জানান, প্রশিক্ষণে অংশ নেওয়া ২০ জনের প্রত্যেককে সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল সরঞ্জাম দেওয়া হয়েছে। এসব সরঞ্জাম কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের দক্ষতা বাস্তবে প্রয়োগ করতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি), ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী, ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. চান মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে গত ২৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিজিবির তাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২০ জন বেকার যুবককে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।