দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ৩১ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শাকিল ইসলাম ওরফে সাকিব (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পরপরই পুলিশ উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিঁন্দুরহাটা আবাসন এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে। তিনি ওই আবাসনের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর রাত ১১টার দিকে ওই গৃহবধূ বাড়িতে টেলিভিশন দেখছিলেন। এ সময় তাঁর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শাকিলসহ দুই যুবক কৌশলে টিনের দরজা খুলে ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তাঁরা জোরপূর্বক গৃহবধূর মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানাননি ওই গৃহবধূ। পরে তাঁর মুখ ও শরীরে আঁচড়ের দাগ দেখে পরিবারের সদস্যরা জানতে চাইলে তিনি তাঁদের কাছে ঘটনার বিবরণ দেন। এরপর বুধবার রাতে থানায় গিয়ে দুইজনকে আসামি করে মামলা করেন তিনি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গৃহবধূর করা মামলার ভিত্তিতে শাকিল ইসলাম ওরফে সাকিবকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।