দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসে বিভিন্ন সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি, হয়রানি ও দালালের দৌরাত্ম্যের অভিযোগ তুলেছেন একাধিক সেবাগ্রহীতা। তাঁদের দাবি, নামজারি-খারিজ, মৌজা ও খতিয়ান পোস্টিংসহ বিভিন্ন কাজের জন্য সরকারি ফির বাইরে টাকা দিতে হচ্ছে। অর্থ দিয়েও নির্ধারিত সময়ে সেবা না পেয়ে দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে তাঁদের। জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও অর্থ দাবি এবং প্রতিপক্ষের কাছ থেকে গোপনে টাকা নিয়ে একতরফা শুনানির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন ও মারুফ আহমেদ নামে এক ব্যক্তি বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাগ্রহীদের কাছ থেকে টাকা নেন। নামজারি-খারিজ, মৌজা ও খতিয়ান পোস্টিংসহ নানা প্রয়োজনে তাঁদের কাছে যেতে হয় বলে জানান অভিযোগকারীরা। টাকা নিয়েও কাজ না করা, নানা অজুহাতে হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা জানান, নামজারি-খারিজের কাজ করে দেওয়ার কথা বলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন তাঁর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা নিয়েছেন। কিন্তু টাকা দেওয়ার পরও কাজ হয়নি। দিনের পর দিন তাঁকে ভূমি অফিসে যাতায়াত করতে হচ্ছে। তাঁর অভিযোগ, টাকা না দিলে নামজারি-খারিজের আবেদন বাতিল করে দেওয়া হয়। কখনো জমির দাগে সমস্যা রয়েছে বলে নানা অজুহাতে তাঁকে ঘোরানো হচ্ছে।
আরও গুরুতর অভিযোগ করেছেন ভুক্তভোগী মনোয়ারা বেগম। তাঁর দাবি, বাপ-দাদার সম্পত্তির কিছু অংশ প্রতিবেশীরা দখল করে নিয়েছেন। পাশাপাশি ভুয়া দলিল তৈরি করে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগও করেন।
মনোয়ারা বেগমের অভিযোগ, তাঁর লিখিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন ও মারুফ তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের কাছ থেকে গোপনে অর্থ নিয়ে তাঁকে না জানিয়েই একতরফা শুনানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া নামজারি-খারিজের আবেদন করার পর শাকিল ও মারুফ তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলেন বলেও দাবি করেন মনোয়ারা। দীর্ঘদিনেও কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে পরে শাকিলের নির্দেশে মারুফ সেই টাকা ফেরত দেন বলে জানান তিনি। মনোয়ারার প্রশ্ন, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ না হলে সাধারণ ও দরিদ্র মানুষ প্রতিকার চাইবেন কোথায়?
ভূমি অফিসে বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। তাঁদের অভিযোগ, মারুফ আহমেদ নামে এক ব্যক্তিকে প্রায়ই অফিসের চেয়ারে বসে সেবাগ্রহীতাদের কাগজপত্র দেখতে দেখা যায়। ফলে তিনি সরকারি কর্মচারী নাকি বহিরাগত, তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে কাগজপত্র দেখার পর সেবাগ্রহীতাদের অফিসের বাইরের চায়ের দোকানে নিয়ে টাকা নেন তিনি।
ভুক্তভোগী আব্দুল আলেম জানান, তাঁর মৌজার এসএ খতিয়ান পোস্টিংয়ের আবেদন সহকারী কমিশনার (ভূমি) বরাবর জমা দিতে তিনি ভূমি অফিসে যান। এ সময় মারুফ আহমেদ তাঁকে আবেদনসহ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে নিয়ে যান। পরে অফিস থেকে বের হওয়ার পর তাঁর কাছ থেকে এক হাজার টাকা নেওয়া হয়। প্রথমে তাঁকে ভূমি অফিসের কর্মচারী মনে করলেও পরে জানতে পারেন, তিনি সরকারি কোনো কর্মচারী নন। আব্দুল আলেমের প্রশ্ন, সরকারি দপ্তরে সেবা নিতে এসে কেন বাইরের লোককে টাকা দিতে হবে? দালাল ছাড়া কাজ না হলে সাধারণ মানুষ কোথায় যাবেন?
অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, ‘আপনারা তদন্ত করে আমার কাছে তাঁদের নিয়ে আসেন।’ এরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
অন্যদিকে, মারুফ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন অভিযোগের বিষয়ে বলেন, ‘ডকুমেন্টস ছাড়া কোনো বক্তব্য দেব না। আমাকে ডকুমেন্টস দেখান, এরপর বক্তব্য দেব। ডকুমেন্টস ছাড়া আমাদের বক্তব্য দেওয়া ঠিক নয়।’
ভূমি অফিসে বহিরাগতদের দিয়ে দাপ্তরিক কাজ করানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অফিসে কিছু ডাঁটা এন্ট্রির কাজ থাকে। এজন্য কানুনগো সাহেব বাইরের লোক দিয়ে কাজ করিয়ে নেন। এ বিষয়ে অনুমতি আছে।’
তবে অফিসের ভেতরে বহিরাগতদের দাপ্তরিক কাজ করার অনুমতি, তাঁদের দায়িত্ব এবং জবাবদিহির প্রক্রিয়া কী—তা স্পষ্টভাবে প্রকাশের দাবি জানিয়েছেন সেবাগ্রহীতারা।
ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ভূমি অফিসে বহিরাগতদের অবাধ বিচরণ বন্ধ এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন ভূমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।