সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ ঘাটে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার নুর হোসেন জিসানের (২৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রবিবার (২৫ অক্টোবর) দুপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান জিসান।
নিহত জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলসহ আরও চার বন্ধু এনায়েতপুর স্পার বাঁধে বেড়াতে আসেন। পরে আঁচল ছাড়া বাকি চার বন্ধু যমুনা নদীতে গোসল করতে নামেন।
একপর্যায়ে জিসান নদীর পানিতে তলিয়ে যান। অন্য বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে রবিবার সন্ধ্যায় রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়েও জিসানের সন্ধান পাওয়া যায়নি।
ওসি আরও জানান, সোমবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। এ সময় ঘটনাস্থলের পাশেই জিসানের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।