বিনোদন

ডার্ক কমেডি সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে তাসনিয়া ফারিণ

ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ওটিটি প্ল্যাটফর্মে বেশ সাফল্য পেয়েছিলেন। তবে মাঝে সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে অভিনয় করেন ‘প্রিন্স’ সিনেমায়। তবে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি। এর আগে গত বছর ‘ইনসাফ’ সিনেমাতেও অভিনয় করে তেমন সাড়া পাননি তিনি।

এবার নতুন ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে ফিরছেন ফারিণ। নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় সিরিজটির নাম ‘ডাকাতিয়া বাঁশি’। মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

প্রকাশিত ছবির একটিতে বিয়ের সাজে পিস্তল হাতে দেখা গেছে ফারিণকে। অন্য একটি ছবিতে বিয়ের সাজে তাঁর পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখকে। প্রথম ঝলকেই সিরিজটি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও কৌতূহল। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

নতুন সিরিজে অভিনয় নিয়ে উচ্ছ্বসিত ফারিণ। নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু অন্যরকম। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। আমার কখনও কমেডি সিরিজ করা হয়নি, এটা প্রথমবার। থ্রিলার, মার্ডার–মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও আনন্দ পাবে, আমার জন্যও নতুন কিছু হবে।’

নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিফহ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’

তরুণ অভিনেতা পার্থ শেখও সিরিজটিতে অভিনয় করেছেন। চলচ্চিত্র ও সিরিজে নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। ‘ডাকাতিয়া বাঁশি’তে তাঁর চরিত্রে ভিন্নতা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

গান ও অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন আরফান মৃধা শিবলু। সিরিজটির ঘোষণার ছবিতে তাঁকেও বন্দুক হাতে দেখা গেছে। তাঁর চরিত্র নিয়ে দর্শকের আগ্রহের বিষয়ে আরফান মৃধা শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম। এছাড়াও গল্পটি নিয়ে আমার আরেকটা ভালো লাগা আছে। সেটা হলো, এখানে একটা ফ্যামিলির গল্প আছে।’

সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ অনেকে। শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...