দিনাজপুর প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং তাদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি প্রতিরোধ কমিটি।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর শহরের কুঠিবাড়ি এলাকার কেরী মেমোরিয়াল হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
দিনাজপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি মনজুরুল কাদের, নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ, মোফাচ্ছিরুল রাশেদ এবং দুর্নীতি দমন কমিশন, দিনাজপুরের সহকারী পরিচালক খায়রুল বাশার।
কেরী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র থান্দারের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, ছাতা, পানির বোতল, টিফিন বক্স, স্কেল, খাতা, ঘড়ি ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আব্দুর রাজ্জাক বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা ও নৈতিকতার চর্চায় অভ্যস্ত হতে হবে। এ লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন করা হয়েছে। এসব স্টোরে কোনো বিক্রেতা থাকেন না। শিক্ষার্থীরা নিজেরাই পণ্যের গায়ে লেখা নির্ধারিত মূল্য পরিশোধ করে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে। এর মাধ্যমে তাদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও নৈতিকতার বীজ বপন হচ্ছে। ভবিষ্যৎ কর্মজীবনেও তারা এই মূল্যবোধের প্রতিফলন ঘটাবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে উৎসাহিত করতেই বিভিন্ন শ্রেণিতে মেধার ভিত্তিতে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। শ্রেণির প্রথম স্থান অর্জনকারী ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীর মধ্যেও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই ভালো করার সম্ভাবনা রয়েছে। নিয়মিত অধ্যয়ন, পরিশ্রম, দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে প্রত্যেকেই নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে। আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে মেধাবী ও সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। তারাই আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্যাপশন দিনাজপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ক্যারি মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।