রংপুর বিভাগ

রাজারহাটে কাবিননামা হাতে বিয়ের স্বীকৃতি চেয়ে তরুণীর অবস্থান, নিরাপত্তা হেফাজতে নিল পুলিশ

কুড়িগ্রামের রাজারহাটে বিয়ের স্বীকৃতি ও স্ত্রীর অধিকার ফিরে পাওয়ার দাবিতে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন এক তরুণী। তাঁকে বাড়িতে প্রবেশ করতে দেখে পরিবারের সদস্যরা ঘরে তালা ঝুলিয়ে পেছনের দরজা দিয়ে চলে যান বলে অভিযোগ উঠেছে। পরে রাত পর্যন্ত কেউ তাঁর খোঁজ না নেওয়ায় পুলিশ তাঁকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। অনশনরত তরুণী একই উপজেলার বাসিন্দা। তাঁর স্বামী হিসেবে দাবি করা মো. ইমদাদুল হক রিয়াদ (২৪) ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

তরুণীর ভাষ্য, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতায় চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে নিকাহনামার মাধ্যমে তাঁদের বিয়ের অঙ্গীকারনামা সম্পাদিত হয়। এতে দেনমোহর নির্ধারণ করা হয় ১৩ লাখ টাকা। এর আগে ২০২৩ সালেও তাঁদের বিয়ে হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে বয়স কম থাকায় রিয়াদের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি বলে জানান তরুণী।

তাঁর অভিযোগ, বিয়ের পরও গত এক মাস ধরে রিয়াদ তাঁকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। পরিবারের চাপে তিনি তরুণীকে এড়িয়ে চলছেন। একপর্যায়ে কোনো উপায় না পেয়ে কাবিননামা ও সম্পর্কের বিভিন্ন প্রমাণ সঙ্গে নিয়ে রিয়াদের বাড়িতে যান তিনি। কিন্তু সেখানে গিয়েও স্বীকৃতি না পেয়ে বাড়ির সামনে অনশনে বসেন।

এ সময় তরুণী জানান, স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার না পেলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

স্থানীয়দের অভিযোগ, তরুণী বাড়িতে যাওয়ার পর রিয়াদের পরিবারের সদস্যরা ঘরের দরজায় তালা ঝুলিয়ে অন্যত্র চলে যান। স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, মেয়েটি দুপুরে এসে ছেলের বাড়িতে প্রবেশ করেছিলেন। পরে তাঁকে দূরে সরিয়ে দিয়ে ছেলের মা-বাবা বাড়িতে তালা ঝুলিয়ে চলে যান। রাত হয়ে গেলেও তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

একই গ্রামের আব্দুস সালাম বলেন, তরুণীর কাছে কাবিননামা রয়েছে। রিয়াদের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের প্রমাণও তিনি সঙ্গে নিয়ে এসেছেন। তাঁর দাবি, রিয়াদ ওই তরুণীকে চান, তবে পরিবারের চাপে চলে গেছেন।

স্থানীয়দের মতে, দুজনই প্রাপ্তবয়স্ক। তাই তাঁদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে বিষয়টি যথাযথভাবে যাচাই করে তরুণীর ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে অভিযুক্ত রিয়াদ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনশনের খবর পেয়ে রাতেই তরুণীকে উদ্ধার করে পুলিশি নিরাপত্তায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...