বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ২৫ জনকে সনদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিসিক জেলা কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক নুরেল হক।
বিসিকের শিল্পনগরী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্প মালিক সমিতির সভাপতি আবুল কালাম মিন্টু এবং বিসিকের প্রধান কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা লাকী আক্তার। পরে প্রশিক্ষণে অংশ নেওয়া ২৫ জনের হাতে সনদ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, প্রশিক্ষণ গ্রহণের পর বসে থাকলে চলবে না, উদ্যোক্তা হওয়ার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সরকার সহযোগিতা করছে এবং প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করে রেখেছে। প্রশিক্ষণার্থীরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কোনো কাজ শুরু করলে তা বাস্তবায়ন করা সম্ভব। তাই লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক নুরেল হক জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে এটি প্রথম ব্যাচের প্রশিক্ষণ। এতে ২৫ জন অংশ নিয়েছেন। প্রশিক্ষণে উদ্যোক্তা হতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।