দিনাজপুর প্রতিবে দিনাজপুরের ঘোড়াঘাটে বিজিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ১৩০ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা নিদর্শনগুলোর আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা। এ ঘটনায় মো. মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার রানীগঞ্জসংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্ত এলাকার ছত্রা বাজারের পাশে জনবসতিহীন একটি টিনের ঘরে অভিযান চালিয়ে এসব নিদর্শন উদ্ধার করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে ওই ঘরে কষ্টিপাথরের মূর্তি ও বেলেপাথরের নিদর্শন থাকার তথ্য পায় বিজিবি। পরে ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে ৩০ সদস্যের একটি টহল দল যৌথ অভিযান চালায়। দলে দুজন নারী সৈনিকও ছিলেন। অভিযানে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দলও অংশ নেয়।
অভিযানে একটি বেলেপাথরের শিলাখণ্ড, একটি ছোট কষ্টিপাথরের খণ্ডাংশ এবং একটি শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে বেলেপাথরের খণ্ডাংশের ওজন ৯০ কেজি, কষ্টিপাথরের খণ্ডাংশের ২০ কেজি এবং শিবলিঙ্গের খণ্ডাংশের ওজন ২০ কেজি। সব মিলিয়ে এগুলোর ওজন ১৩০ কেজি। নিদর্শনগুলোর আনুমানিক জব্দমূল্য ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক মোমিন ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মেডিকেল সনদ সংগ্রহের পর তাঁকে পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধার করা নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।