লালমনিরহাটে সরকারি ভর্তুকির ৪৫ বস্তা ডিএপি সার অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে এরশাদ আলী নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ভোরে তিনটি ইজিবাইকে করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। পাচারের উদ্দেশ্যে সার পরিবহন করা হচ্ছে বলে সন্দেহ হলে স্থানীয় লোকজন ইজিবাইক তিনটি আটক করেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোনীতা দাস দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে তিনটি ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে সার পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সার পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা সার পরে হারাটি ইউনিয়নের স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।
প্রশাসনের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। পাশাপাশি এ ধরনের অনিয়ম ঠেকাতে নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।