দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের কয়েক প্যাকেট বিস্কুট খাওয়ার ঘটনায় ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে বেকারি দোকানি সারোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিচারের দাবিতে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন এক প্রাণিপ্রেমী যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে শাস্তি হিসেবে আগামী ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করবেন ওই দোকানি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে উপজেলার বলগাড়ি বাজারে এ ঘটনা ঘটে। দোকানে খাবারের সন্ধানে প্রবেশ করা একটি মা বিড়ালকে ফাঁদ পেতে আটকে ফেলা হয়। পরে বিড়ালটির গলায় দড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটে। পরদিন দোকানের সামনে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। মায়ের এমন মৃত্যুতে অসহায় হয়ে পড়ে তার দুটি ছোট ছানা।
মেহেদী হাসান ইমুর অভিযোগ, গত শুক্রবার রাতে ওই বেকারি দোকানি তার দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে দোকানে ঢুকে ফাঁদে আটকা পড়ে মা বিড়ালটি। পরদিন শনিবার সকালে বিড়ালটির গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়। পরে তার মরদেহ দোকানের সামনেই ফেলে রাখা হয়।
স্থানীয়রা জানান, বিড়ালটি ওই দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলেছিল। এতে ক্ষুব্ধ হয়েই দোকানি ফাঁদ পেতে রাখেন বলে অভিযোগ করেন মেহেদী হাসান ইমু।
তিনি বলেন, নিহত বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি অসহায় হয়ে পড়েছে। খাবারের সন্ধানে একটি দোকানে প্রবেশ করার কারণে এভাবে একটি প্রাণীকে হত্যা করার বিষয়টি মেনে নিতে পারিনি। তাই ঘটনার বিচার চেয়ে প্রশাসনের কাছে এসেছি।
অভিযোগের মুখে দোকানি সারোয়ার হোসেন নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। তিনি জানান, দীর্ঘদিন ধরে রাতে দোকান বন্ধ করার পর বিড়ালটি ভেতরে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। নিজের এমন আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হওয়ার কথাও জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন।
তিনি আরও বলেন, শাস্তি হিসেবে তাকে ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।