রংপুর বিভাগ

রংপুরে বাস থেকে ফেলে দুই শ্রমিক হত্যা: এজাহারে নেই ধস্তাধস্তির বর্ণনা

কুমিল্লা থেকে বাড়ি ফিরছিলেন নির্মাণশ্রমিক মুকুল হোসেন ও শাকিব বসুনিয়া। পথে প্রতিবেশী আতিকুল ইসলামকে বিপদে পড়তে দেখে তাঁকে সাহায্য করতে এগিয়ে যান তাঁরা। একপর্যায়ে বাসের স্টাফদের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে তাঁদের বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান দুই শ্রমিক।

তবে এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে আতিকুলকে বাঁচাতে গিয়ে দুই শ্রমিকের ধস্তাধস্তি কিংবা তাঁদের বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কোনো বর্ণনা নেই। সেখানে বাসের ভাড়া নিয়ে স্টাফদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার কথা উল্লেখ করা হয়েছে। একই ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনায় তৈরি হয়েছে রহস্য।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, দুই তরুণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহতরা হলেন ওই এলাকার মোহবুবার সরকার ওরফে কালু মিয়ার ছেলে মুকুল হোসেন (২৮) এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

পারিবারিক সূত্রে জানা যায়, মুকুল ও শাকিব দীর্ঘদিন ধরে কুমিল্লার ময়নামতিতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। দুই মাস আগে তাঁরা সেখানে যান। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি ফেরার প্রস্তুতি নেন। এ সময় বাড়ি ফেরার জন্য স্ত্রী খুশী বেগমের কাছ থেকে বিকাশে এক হাজার টাকা নেন শাকিব। পরে মুকুলসহ চার সহকর্মীকে নিয়ে বাস কাউন্টারে যান।

সেখানে প্রতিবেশী আতিকুল ইসলামের সঙ্গে তাঁদের দেখা হয়। এরপর শাকিব, মুকুলসহ চারজন একটি বাসে এবং আতিকুল ও তাঁর সঙ্গী হাসানুর ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের বাসে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন।

রবিবার ভোর ৬টার দিকে শাকিব ও মুকুলসহ চারজন সৈয়দপুরের ওয়াপদা মোড়ে বাস থেকে নামেন। বাড়ি যাওয়ার জন্য তাঁরা অটোরিকশার অপেক্ষা করছিলেন। এ সময় আতিকুল মুঠোফোনে মুকুলকে কল করে সেখানে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর বাসে সমস্যার কথা জানিয়ে আবার ফোন করে তাঁদের রংপুরের তারাগঞ্জ বাজারে যেতে বলেন। পরে তাঁরা অটোরিকশায় করে সেখানে পৌঁছান।

আতিকুল ইসলামের দাবি, তাঁর কাছে প্রায় তিন লাখ টাকা ছিল। বাসে ওঠার পর টিকিট বের করার সময় স্টাফরা তাঁর ব্যাগে রাখা টাকা দেখতে পান। এরপর থেকেই তাঁকে সন্দেহজনকভাবে পর্যবেক্ষণ করছিলেন তাঁরা। পরিস্থিতি বেগতিক দেখে তিনি মুকুলকে ফোন করে তারাগঞ্জে আসতে বলেন।

আতিকুল বলেন, ‘সেখানে বাস দাঁড়ানোর পর একজন নেমে চলে যায়। আর আমি যখন নামতে যাই, তখন বাসের স্টাফরা আমাকে বাধা দেন। গামছা দিয়ে আমার গলা চেপে ধরেন। এ সময় শাকিব ও মুকুল আমার সঙ্গে স্টাফদের ধস্তাধস্তি দেখে দৌড়ে বাসে ওঠেন। তখন চালক দ্রুত বাস ছেড়ে দেন। একপর্যায়ে ফাঁকা জায়গায় স্টাফরা তাঁদের বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর কী হয়েছে, তা আর বলতে পারি না।’

তিনি আরও বলেন, ‘বাসের পেছনে আরেকটি প্রাইভেট কার ছিল। সম্ভবত শাকিব ও মুকুলকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার বিষয়টি তারা দেখে বাসটিকে ওভারটেক করে সামনে গিয়ে গতি কমিয়ে দেয়। এ সময় বাসের চাকা ফেটে যায়। পরে অন্য যাত্রীরা চিৎকার করলে বাসের স্টাফরা আমাকে ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন।’

তবে আতিকুলের এই বর্ণনার সঙ্গে মামলার এজাহারের মিল পাওয়া যায়নি। এজাহারে তাঁর কাছে তিন লাখ টাকা থাকা কিংবা তাঁকে বাসের স্টাফদের জিম্মি করার কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সাংবাদিকদের সঙ্গে প্রথমবার কথা বলার সময় আতিকুল নিজের কাছে তিন লাখ টাকা থাকার বিষয়টি তুলে ধরেন। তবে মামলার এজাহারে এসব তথ্য না থাকার বিষয়ে আবার জানতে চাইলে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার সময় নিহতদের সঙ্গে ছিলেন তাঁদের সহকর্মী কাওসার ইসলাম বিজয়। তিনিও তাঁদের সঙ্গে তারাগঞ্জে গিয়েছিলেন। কাওসার বলেন, ‘কুমিল্লার ময়নামতি থেকে তাঁরা চারজন একটি বাসে এবং আতিকুল ও হাসানুর নামের দুজন সায়মন এক্সক্লুসিভ পরিবহনে ওঠেন। সৈয়দপুরের ওয়াপদা মোড়ে নামার পর আতিকুল মুকুলকে ফোন করে অপেক্ষা করতে বলেন। পরে তারাগঞ্জে যেতে বলেন। সেখানে গিয়ে তাঁরা বাসের দরজায় আতিকুলের সঙ্গে হেলপারের ধস্তাধস্তি দেখতে পান। এ সময় শাকিব ও মুকুল বাসে উঠলে তাঁদের সঙ্গেও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।’

কাওসার আরও বলেন, ‘নিচে ফেলে দেওয়ার পর বাস নিয়ে পালানোর সময় তাঁরা বাসের চাকায় পিষ্ট হন।’

নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়াও একই ধরনের বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, তাঁর ছোট ভাইসহ এলাকার কয়েকজন কুমিল্লার ময়নামতি থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী আতিকুলের সঙ্গে তাঁদের দেখা হয়। পরে বাসে সমস্যার কথা বলে আতিকুল শাকিবকে তারাগঞ্জে যেতে বলেন। সেখানে গিয়ে তাঁরা আতিকুলের সঙ্গে বাসের হেলপারের ধস্তাধস্তি দেখতে পান। এ সময় শাকিব ও মুকুল এগিয়ে গেলে তাঁদের বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তাঁদের একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুই তরুণের মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁদের পরিবার। শাকিবের মা সোবেজা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলের কী অপরাধ ছিল? তাকে কেন মেরে ফেলা হলো? কত আশা করে অপেক্ষা করছিলাম, ছেলে আজ বাড়ি ফিরবে। কিন্তু সে ফিরল না, ফিরল তার মরদেহ। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

শাকিবের স্ত্রী খুশী বেগম বলেন, ‘দুই মাস আগে আমার স্বামী কাজের জন্য কুমিল্লায় গিয়েছিলেন। গতকাল রাতে ফোন করে বললেন, বাড়ি আসবেন, কিন্তু তাঁর কাছে টাকা নেই। পরে আমি এক হাজার টাকা বিকাশে পাঠাই। আজ তাঁর বাড়ি আসার কথা ছিল। সকালে ফোনে জানতে পারি, তিনি মারা গেছেন। আমার ছোট একটি বাচ্চা আছে। এখন আমাদের সংসার কীভাবে চলবে?’

নিহত মুকুলের চাচি সালমা খাতুন বলেন, ‘মুকুল খুব ভালো ছেলে ছিল। তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার কঠিন বিচার চাই। তার পরিবার খুবই গরিব। সরকার যেন পরিবারটিকে সহায়তা করে।’

এ ঘটনায় নিহত মুকুলের বাবা মোহবুবার সরকার ওরফে কালু মিয়া বাদী হয়ে মামলা করেছেন। তবে মামলার এজাহারে আতিকুলকে বাঁচাতে গিয়ে দুই শ্রমিকের সঙ্গে বাসের স্টাফদের ধস্তাধস্তি কিংবা তাঁদের বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কোনো বর্ণনা নেই। সেখানে উল্লেখ করা হয়েছে, ভাড়া নিয়ে বাসের স্টাফদের সঙ্গে মুকুল ও তাঁর ভাতিজা শাকিব বসুনিয়ার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা বাস থেকে নেমে রাস্তা পার হতে গেলে বাসচালক তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে মুকুলের বাবা মোহবুবার সরকারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে সেখানে যাই। এরপর যা শুনেছি, সে অনুযায়ী মামলা করেছি।’ আতিকুলের সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সামিদুল্লা সরকার বলেন, ‘নিহত মুকুলের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় টাকা-পয়সা কিংবা আতিকুল ইসলামের বিষয়টি উল্লেখ নেই। তবে এ নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

অন্যদিকে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে পড়ে থাকতে দেখি আমরা। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক মো. আজির হোসাইন (৩৬) ও হেলপার মো. শফিক বুজুর আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, ‘তিন লাখ টাকা থাকার যে কথা বলা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছে সেই টাকা পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন আমরা কোনো কিছু বলতে পারব না।’

একই ঘটনার বিষয়ে আতিকুল, সহকর্মী ও নিহতদের স্বজনদের বক্তব্যের সঙ্গে মামলার এজাহারের বর্ণনায় পার্থক্য রয়েছে। ফায়ার সার্ভিসের বক্তব্যেও বাস থেকে ফেলে দেওয়ার তথ্য উঠে এসেছে। তবে মামলার এজাহারে সেই ঘটনার উল্লেখ নেই। ফলে দুই শ্রমিকের মৃত্যুর পেছনে প্রকৃত ঘটনা কী—তাঁদের মৃত্যু নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে বাস থেকে ফেলে দেওয়ার পর প্রাণহানি—তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব।

সূত্রঃ কালেরকন্ঠ

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...