নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাইয়ে বসেছে ২২ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে দিনব্যাপী এ মেলা শুরু হয়। মেলায় দুই কেজি থেকে শুরু করে ২৫ কেজি ওজনের বিভিন্ন প্রজাতির বড় মাছ নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা।
নবান্নের আনন্দে মাছের মেলা এ অঞ্চলের মানুষের কাছে বিশেষ আকর্ষণ। মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বসবাস করা এলাকার মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনেরা আসেন স্বজনদের বাড়িতে। জামাইরা মেলা থেকে বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান। এ কারণে স্থানীয়দের কাছে মেলাটি ‘জামাই মেলা’ নামেও পরিচিত।
ভোর থেকেই বাজারে সারি সারি মাছের দোকান বসে। রুই, কাতলা, মৃগেল, চিতল, গ্রাসকার্প, ব্রিগেডকার্প, সিলভার কার্প, কার্ফু ও কালবাউশসহ নানা প্রজাতির মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। মাছের আকার ও প্রজাতি অনুযায়ী প্রতি কেজি ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মেলায় উপজেলার শতাধিক গ্রাম-মহল্লার মানুষের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা এসেছেন।
আয়োজক পাঁচশিরা মাছ ব্যবসায়ীরা জানান, ইংরেজি ক্যালেন্ডার নয়, বাংলা পঞ্জিকা অনুযায়ী অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহের প্রথম বুধবার এ মেলা বসে। কৃষকের ঘরে নতুন ধান ওঠার পর সেই ধানের নতুন চাল দিয়ে প্রথম রান্না উপলক্ষে নবান্ন উৎসব পালিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে গত ২২ বছর ধরে পাঁচশিরা বাজারে মাছের মেলার আয়োজন করা হচ্ছে।
এবার মেলায় ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক মাছের দোকান বসেছে। বড় পুকুর, দীঘি ও নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করে এনেছেন ব্যবসায়ীরা। মাছের আমদানি কিছুটা কম হলেও ক্রেতাদের উপস্থিতি ভালো থাকায় বেচাকেনা নিয়ে আশাবাদী তাঁরা।
নবান্ন উপলক্ষে কৃষকেরা মেয়ে-জামাই, বিয়াই-বিয়ান ও আত্মীয়স্বজনকে বাড়িতে আমন্ত্রণ জানান। তাঁদের ঘিরে পাড়া-মহল্লায় তৈরি হয় উৎসবের আমেজ। বাড়িতে বাড়িতে পিঠা-পুলি, পায়েস, গুড় ও চিনির ক্ষীর, খই ও মুড়ির আয়োজন থাকে।
পৌরসভার দুরঞ্জ এলাকা থেকে মাছ কিনতে আসা ওহেদ বলেন, প্রতি বছর নবান্ন উপলক্ষে পাঁচশিরা বাজারে মাছের মেলা বসে। এখানে ছোট-বড় সব ধরনের মাছ পাওয়া যায়। এলাকার জামাইরা মেলা থেকে মাছ কিনে শ্বশুরবাড়িতে যান। কে কত বড় মাছ কিনলেন, তা নিয়েও তাঁদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা থাকে।
সড়াইল গ্রামের আবু তালহা জানান, তিনি মেলা থেকে সাড়ে চার হাজার টাকায় একটি কাতলা মাছ কিনেছেন। মাছ কিনতে পেরে তিনি খুশি।
পাশের ক্ষেতলাল উপজেলা থেকে আসা নাজ্জাসি ইসলাম চৌধুরী বলেন, নবান্ন উপলক্ষে আয়োজিত এ মেলায় এসে তাঁর ভালো লেগেছে। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে তিনি সাত কেজি ওজনের একটি মাছ কিনেছেন।
মাছ বিক্রেতা সাদ্দাম বলেন, এবার মেলায় বড় কাতলা ও রুইসহ বিভিন্ন মাছ এনেছেন তাঁরা। বেচাকেনা ভালো হচ্ছে, সামনে আরও বাড়বে বলে আশা করছেন।
আরেক বিক্রেতা রেজোয়ান প্রামাণিক জানান, মেলায় দুই থেকে ২৫ কেজি ওজনের বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। তবে এবার মাছের আমদানি কিছুটা কম।
বিক্রেতা বায়েজিদ বলেন, বিভিন্ন এলাকা থেকে বড় মাছ সংগ্রহ করে মেলায় এনেছেন তাঁরা। বাজারের অন্যতম আকর্ষণ ২৫ কেজি ওজনের একটি কাতলা মাছ।
মেলার ইজারাদার আব্দুল লতিফ জানান, মেলায় প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ কেনাবেচা হয়। মেলায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য ইজারাদার কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) বলেন, মেলায় নিষিদ্ধ মাছ বিক্রি এবং ফরমালিন ব্যবহার ঠেকাতে তাঁদের মনিটরিং টিম কাজ করছে। সকাল থেকেই মাঠপর্যায়ের সদস্যরা ছবি ও ভিডিও পাঠাচ্ছেন। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক রয়েছে। এ ধরনের আয়োজন বাঙালি ঐতিহ্যকে ধারণ করে বলেও মন্তব্য করেন তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।