সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তিনি গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে।
নিহতের ছোট ভাই রেজাউল জানান, বুধবার রাত ১০টার দিকে তাঁর বড় ভাই গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে স্থানীয় বিএনপি নেতা রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদার, আলামিন শিকদার ও হজরত আলীর নেতৃত্বে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী সেখানে আসেন।
রেজাউলের অভিযোগ, তাঁরা কোনো কারণ ছাড়াই তাঁর ভাইকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদারসহ অভিযুক্ত অন্যদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের স্বজনেরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।