গাইবান্ধার প্রত্যান্ত অঞ্চলে মাঠজুড়ে নজর কাড়ছে সোনালি আমন ধান। ইতোমধ্যে কোথাও ধান পেকে নুয়ে পড়েছে, কোথাও কাটা ধান জমিতেই ফেলে রাখা হয়েছে। আবার কেউ কেউ আগেভাগেই ধান কেটে বাড়ির উঠানে তুলে রেখেছেন। ঠিক এমন সময় বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
কৃষকরা বলছেন, সময়মতো ধান ঘরে তুলতে না পারলে কষ্টের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, গাইবান্ধার বিভিন্ন এলাকায় এখন রোপা আমন ধান কাটার ধুম চলছে। কৃষকদের অনেকেই জমির বেশির ভাগ ধান কেটে ফেলেছেন। কিন্তু বৃষ্টির কারণে কাটা ধান শুকানো ও মাড়াই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে, জমিতে থাকা পাকা ধানও দ্রুত কাটতে না পারলে বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, কোনো জমিতে কাটা ধান স্তূপ করে রাখা হয়েছে। কোথাও ধানের গাছ নুয়ে পড়েছে। আবার কোনো কৃষক কষ্ট করে কেটে আনা ধান বাড়ির উঠানে মেলে দিয়েছেন। এরই মধ্যে গতকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন তারা।
কৃষক জহির বলেন, সারাবছর অনেক কষ্ট করে ধান আবাদ করেছি। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এখন ধান কাটার সময়। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় দুশ্চিন্তায় পড়েছি। জমিতে যে ধান আছে, সেগুলো দ্রুত কাটতে হবে। আর কাটা ধান ভিজে গেলে শুকানো ও মাড়াই করতে সমস্যা হবে। আবহাওয়া ভালো না হলে লোকসানের আশঙ্কা রয়েছে।
আরেক কৃষক জামাত আলী বলেন, অনেক কষ্ট করে ধান কেটে বাড়ির উঠানে তুলেছি। ভেবেছিলাম রোদে শুকিয়ে দ্রুত মাড়াই করব। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় ধান শুকানো যাচ্ছে না। জমিতে এখনো কিছু ধান রয়েছে। বৃষ্টি বাড়লে সেগুলোরও ক্ষতি হতে পারে। এ সময় বৃষ্টি কৃষকের জন্য খুবই দুশ্চিন্তার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে গাইবান্ধা জেলায় এক লাখ ৩১ হাজার ১২০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লাখ ৩৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ মৌসুমে প্রায় চার লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
এর আগে, গত ১০ নভেম্বর রাতে জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। এতে সাত উপজেলার প্রায় ৩৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ২৪৭ হেক্টর জমির আমন ধান, ৬৯ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ, ১৬ হেক্টর শাকসবজি, ১০ হেক্টর মরিচ এবং আট হেক্টর কলাবাগান রয়েছে।
বিশেষ করে ফুলছড়ি উপজেলায় ১১২ হেক্টর, গাইবান্ধা সদরে ৬২ হেক্টর, পলাশবাড়ীতে ৪৫ হেক্টর এবং সাদুল্লাপুরে ১৫ হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফলে আগের ঝড়ের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে বৃষ্টির কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের।
উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, ধান পাকার পর জমিতে বেশি সময় ফেলে রাখা ঠিক নয়। যেসব জমির ধান পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। কাটা ধান বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব পানি ঝরিয়ে রোদে শুকানোর ব্যবস্থা করতে হবে। জমিতে পানি জমলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আশাদুজ্জামান বলেন, চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এখন পাকা ধান দ্রুত কেটে ঘরে তুলতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
এদিকে কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হবে। নির্বিঘ্নে পাকা ধান ঘরে তুলতে পারবেন তারা। কারণ এই ধান শুধু একটি মৌসুমের ফসল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের সারা বছরের পরিশ্রম, ঋণ পরিশোধ এবং পরিবারের ভরণপোষণের স্বপ্ন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।