নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসকের অনুপস্থিতিতে নৈশপ্রহরীই পশুর চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে চিকিৎসা নিতে আসা খামারি ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
লাড্ডান নামের স্থানীয় এক কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ অন্য কর্মকর্তারা নিয়মিত অফিস করেন না। তাঁর দাবি, ভেটেরিনারি সার্জন ব্যবসায়িক স্বার্থে চুক্তিভিত্তিক নৈশপ্রহরীকে দিয়ে পশুর চিকিৎসা করান। নৈশপ্রহরীও সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় করেন।
শহর ও উপজেলার খামারিরা জানান, গরু, খাসি ও ভেড়ার খামার গড়ে তুলতে তাঁদের প্রচুর অর্থ ও শ্রম ব্যয় হয়। কিন্তু পশু অসুস্থ হলে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। প্রাণিসম্পদ কার্যালয়ে টিকা ছাড়া ভালো মানের ওষুধ বা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাওয়া যায় না বলেও তাঁদের অভিযোগ। সাধারণ মানুষ পশু নিয়ে গেলে সহজে চিকিৎসা পান না; বরং নানা ধরনের হয়রানির শিকার হন। চিকিৎসকেরা খামার পরিদর্শনে গেলে প্রতিবার ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভিজিট নেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল করিম নিয়মিত অফিস না করে শহরের একটি ফার্মেসিতে বসে পশুপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা ভিজিট নেন। চিকিৎসার পরামর্শপত্রও দেন, যা তাঁর চেম্বারের ফার্মেসি ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না বলে দাবি তাঁদের।
সরেজমিন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে অসুস্থ গরু-ছাগল ও পোষা প্রাণী নিয়ে অনেক মানুষ এসেছেন। সেখানে চিকিৎসক না থাকায় দায়িত্বে থাকা নৈশপ্রহরী শেখ মামুন নিজেই পশুর প্রাথমিক ও জরুরি চিকিৎসা দিচ্ছেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের কাছ থেকে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন বলেও দেখা যায়।
প্রাণিসম্পদ কার্যালয়ের পাশের বাসিন্দা আতিউর রহমান বলেন, দূরদূরান্ত থেকে অনেক দরিদ্র খামারি পশু নিয়ে এখানে আসেন। কিন্তু সময়মতো চিকিৎসক না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান। অনেকে বাধ্য হয়ে নৈশপ্রহরী মামুনের কাছ থেকে চিকিৎসা নিয়ে তাঁকে টাকা দেন।
শহরের বাঁশবাড়ী এলাকার খামারি মোসলেমা বলেন, তাঁর কোনো পশু অসুস্থ হলে তিনি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সারাদিন অপেক্ষা করেও চিকিৎসকের দেখা পান না। বাধ্য হয়ে নৈশপ্রহরীর কাছে চিকিৎসা নিতে চাইলে তিনি আগেই টাকা চান।
নৈশপ্রহরী শেখ মামুন বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসকের কাজ করতে করতে পশুর চিকিৎসা শিখেছেন। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি তো ডাক্তার নই। এগুলো আমার কাজও না। আমার দ্বারা চিকিৎসা করাতে গেলে কিছু তো দিতেই হবে।”
তবে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল করিম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো বানোয়াট বলে দাবি করেছেন। তিনি জানান, রাতে একটি ফার্মেসিতে নিয়মিত রোগী দেখেন ঠিকই, তবে কাউকে ব্যক্তিগত চেম্বারে রোগী নিয়ে আসতে বাধ্য করেন না।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ বলেন, উপজেলায় কোনো সভা বা দাপ্তরিক কাজ থাকলে তিনি অফিসে না গিয়ে সরাসরি সেখানে চলে যান। এ কারণে মাঝে মাঝে চিকিৎসাসেবা দিতে সমস্যা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।