পাবনার ঈশ্বরদীতে জন্ম নেওয়া মাহমুদা সুলতানা এখন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গবেষক হিসেবে কাজ করছেন। মহাকাশের দূরবর্তী গ্রহ ও উপগ্রহের পরিবেশ, বায়ুমণ্ডল এবং রাসায়নিক উপাদান সম্পর্কে অজানা তথ্য অনুসন্ধানে প্রয়োজনীয় অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি।
ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি প্রবল আগ্রহ ছিল মাহমুদার। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি তাঁর বিশেষ টান ছিল। যন্ত্রপাতি কীভাবে কাজ করে এবং প্রযুক্তি ব্যবহার করে কীভাবে নতুন কিছু তৈরি করা যায়, তা নিয়ে ভাবতেন তিনি। তাঁর বাবা ছিলেন প্রকৌশলী। বাবার সঙ্গে বিভিন্ন প্রকৌশল প্রকল্পে যাওয়ার সুযোগ হতো ছোটবেলা থেকেই। সেখানে যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার কাছ থেকে দেখতেন মাহমুদা। এসব অভিজ্ঞতা তাঁর মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয়।
মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ তৈরিতেও পরিবারের ভূমিকা ছিল। তাঁর এক নিকটাত্মীয় যুক্তরাষ্ট্রের নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। ওই আত্মীয়ের কাছ থেকে মহাকাশ, গ্রহ-নক্ষত্র ও বৈজ্ঞানিক গবেষণা নিয়ে নানা গল্প শুনতেন মাহমুদা। এসব গল্প তাঁর কল্পনার জগৎকে বিস্তৃত করে। একসময় মহাকাশ নিয়ে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।
মাত্র ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলে যান মাহমুদা। সেখানে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় উচ্চশিক্ষা শুরু করেন। রাসায়নিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করার পাশাপাশি গণিতেও বিশেষায়িত শিক্ষা নেন। অসাধারণ ফলাফলের জন্য অর্জন করেন ‘সুমা কাম লাউড’ সম্মাননা। পরে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। সেখানে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করার পাশাপাশি কোয়ান্টাম মেকানিকস নিয়েও বিশেষায়িত গবেষণা করেন।
এমআইটিতে পিএইচডির শেষ পর্যায়ে চাকরি খুঁজছিলেন মাহমুদা। একদিন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিচ্ছিলেন তিনি। একের পর এক প্রতিষ্ঠানে সিভি দেওয়ার পর হাতে ছিল শেষ একটি কপি। ঠিক তখনই তাঁর চোখে পড়ে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বুথ। ছোটবেলার মহাকাশ গবেষক হওয়ার স্বপ্নের কথা মনে পড়ে যায় তাঁর। শেষ জীবনবৃত্তান্তটি জমা দেন নাসার বুথেই।
প্রথমে নাসার কর্মকর্তারা তাঁর গবেষণার বিষয় ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। রাসায়নিক প্রকৌশলের পাশাপাশি ক্ষুদ্র বৈদ্যুতিক যন্ত্র নিয়ে গবেষণার অভিজ্ঞতা তাঁদের আগ্রহী করে তোলে। পরবর্তী সময়ে সাক্ষাৎকার শেষে নাসায় কাজের সুযোগ পান মাহমুদা।
২০১০ সালে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে যোগ দেন তিনি। বর্তমানে মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত যন্ত্র উদ্ভাবনে কাজ করছেন। অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না, কোনো গ্রহের বায়ুমণ্ডলে কী ধরনের গ্যাস রয়েছে কিংবা দূরবর্তী মহাজাগতিক বস্তুর রাসায়নিক গঠন কেমন—এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীদের প্রয়োজন অত্যন্ত সংবেদনশীল যন্ত্র। সেই যন্ত্রগুলোকে আরও ছোট, হালকা ও কার্যকর করে তোলার গবেষণায় অবদান রাখছেন মাহমুদা।
ন্যানো প্রযুক্তি, উন্নত সেন্সর ও ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবনে তাঁর গবেষণা ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি করছে। ঈশ্বরদী থেকে যুক্তরাষ্ট্রের নাসা—মাহমুদার এই পথচলা তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বাংলাদেশের জন্যও গর্বের। শৈশবে যন্ত্রপাতি দেখে তৈরি হওয়া কৌতূহল তাঁকে নিয়ে গেছে মহাকাশ গবেষণার জগতে। তাঁর গবেষণার মাধ্যমে ভবিষ্যতে দূরবর্তী গ্রহ ও উপগ্রহ সম্পর্কে মানুষের জানার পরিধি আরও বাড়তে পারে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।