রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যকে মাদক সেবনে বাধা দেওয়ার কারণে নয়, বরং চুরির উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গণপতি চক্রবর্তীর অবসরের টাকা ও তাঁর স্ত্রীর স্বর্ণালংকার বাড়িতে রয়েছে—এমন ধারণা থেকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ উঠেছে গ্রেপ্তার দুই ব্যক্তি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) হেডকোয়ার্টারের মিলনায়তনে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের নতুন এ কারণ তুলে ধরেন পুলিশ কমিশনার মুহা. মাহবুবুর রশীদ। তিনি জানান, এ মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্রে মাদক সেবনসংক্রান্ত কোনো ধারা যুক্ত করা হয়নি।
পুলিশ কমিশনার বলেন, গণপতি চক্রবর্তীর অবসরের জন্য পাওয়া ২০ লাখ টাকা এবং তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর বিপুল পরিমাণ স্বর্ণালংকার বাড়িতে থাকতে পারে বলে ধারণা করেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ। এসব অর্থ ও গয়না চুরি করে সিদ্ধার্থের পরিবারসহ ভারতে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। অন্যদিকে মাছের দোকানে কাজ করা মুগ্ধ দাস চুরির অর্থ দিয়ে গরুর খামার করার পরিকল্পনা করেছিলেন। এ উদ্দেশ্যে গত ২১ আগস্ট ভোরে তাঁরা গণপতি চক্রবর্তীর বাড়িতে যান।
তদন্তের বরাত দিয়ে পুলিশ কমিশনার জানান, বাড়ির বিদ্যুৎ সংযোগ না থাকায় তাঁরা অপেক্ষা করছিলেন, কখন কেউ বাড়ি থেকে বের হবেন। পরে ছাদে তাঁদের দেখে ফেলায় প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়। এরপর সিঁড়িতে তাঁর স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী এবং ঘরে ছেলে প্রিয়ম চক্রবর্তীকে হত্যা করেন অভিযুক্তরা।
হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন আলমারি ও ড্রয়ার তল্লাশি করে তাঁরা কিছু টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান। তবে গণপতি চক্রবর্তীর অবসরের জন্য পাওয়া ২০ লাখ টাকা তাঁরা পাননি। আসামিদের গ্রেপ্তারের পর চুরি করা টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
মামলার তদন্ত শেষে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩০২ ধারা, চুরির অভিযোগে ৩৮০ ধারা এবং একাধিক ব্যক্তির সম্মিলিতভাবে অপরাধ সংঘটনের অভিযোগে ৩৪ ধারা যুক্ত করা হয়েছে। মামলায় ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পুলিশ কমিশনার বলেন, আসামি ও সাক্ষীরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁদের বক্তব্যের সঙ্গে ঘটনার বিভিন্ন তথ্যের মিল পাওয়া গেছে। হত্যাকাণ্ডস্থল থেকে সংগ্রহ করা আলামতের ফরেনসিক পরীক্ষায় দুই আসামির ডিএনএ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা এবং চুরির উদ্দেশ্য নিশ্চিত হওয়া গেছে বলে জানান পুলিশ কমিশনার।
তিনি আরও বলেন, শিক্ষক গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ড নিয়ে কোনো গল্প তৈরি করা হয়নি। পুলিশ তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দিয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা ও তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীও হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছিলেন, মাদক সেবনের সময় দেখে ফেলায় গণপতি চক্রবর্তীর সঙ্গে অভিযুক্তদের বিরোধ তৈরি হয়। এরপর তাঁকে ও পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয় বলে তখন পুলিশের বক্তব্যে উঠে এসেছিল।
সেই সময়ের বক্তব্য অনুযায়ী, পাশের ভবন দিয়ে ছাদে উঠে মুগ্ধ ও সিদ্ধার্থ ইয়াবা সেবন করছিলেন। তাঁদের দেখে ফেলায় গণপতিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। তাঁর চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা ছাদে যাওয়ার পথে সিঁড়িতে আক্রান্ত হন। পরে মেয়ে আগামী ও ঘুমন্ত ছেলে প্রিয়মকেও হত্যা করা হয়। হত্যার পর অভিযুক্তরা বাড়িতে গোসল করেন, খাবার খান এবং ইয়াবা সেবন করেন বলে পুলিশের আগের বক্তব্যে জানানো হয়েছিল। ঘটনাকে ডাকাতি হিসেবে দেখাতে বাড়ির আসবাবপত্র ও আলমারি তছনছ করা হয় বলেও তখন দাবি করেছিল পুলিশ।
উল্লেখ্য, ২২ আগস্ট সন্ধ্যায় স্বজনেরা বাড়ির ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ বাড়ির তালা ভেঙে চিলেকোঠা থেকে গণপতি চক্রবর্তী (৬৫), সিঁড়ি থেকে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং দোতলার শোবার ঘর থেকে ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে।
এর আগে ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার দুই আসামি ও নিহত চারজনের ডিএনএ পরীক্ষা করা হয় ঢাকার সিআইডি ল্যাবে। ঘটনাস্থল থেকে সিআইডি ৩৫টি আলামত সংগ্রহ করে তিন দফায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছিল। অন্যদিকে, ঘটনার নয় দিন পর সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্ট করা হলে তাঁদের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি বলে আগের তদন্ত-তথ্যে উল্লেখ করা হয়েছিল।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।