নাটক ও চলচ্চিত্র নির্মাণে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসরে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
গত ২৫ বছর ধরে দেশের নাট্যাঙ্গনে সক্রিয় রয়েছেন চয়নিকা চৌধুরী। এ সময়ে তিনি নির্মাণ করেছেন ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক এবং দুটি চলচ্চিত্র। দীর্ঘ কর্মজীবনে তার এই সৃজনশীল অবদানের স্বীকৃতি দিতেই বিশেষ সম্মাননার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করে। এবারের অনুষ্ঠানটি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ অনুষ্ঠিত হবে।
সম্মাননা পাওয়ার বিষয়ে চয়নিকা চৌধুরী বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। কাজের পথে নানা বাধা-বিপত্তি এলেও লক্ষ্য থেকে সরে যাননি; বরং কাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
এভাবেই পেরিয়ে গেছে তার নির্মাণজীবনের ২৫ বছর। দীর্ঘ পথচলায় কাজের স্বীকৃতি হিসেবে সিজেএফবির এই সম্মাননা পেয়ে গর্বিত বলে জানিয়েছেন চয়নিকা চৌধুরী।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।