রাজশাহী

সিরাজগঞ্জে ৯৬ মন্দির কমিটির মধ্যে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর এলাকার দুস্থ ও অসহায় পরিবারের জন্য ১০ লাখ টাকা ও ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৯৬টি মন্দির কমিটির নেতাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম আজম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান সিকদার, বেলকুচি পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক ডা. অমৃত নারায়ণ দে এবং বেলকুচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শঙ্কর শাহা প্রমুখ।

সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। প্রতিটি ধর্মের মানুষ যাতে আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দ বাড়াতে এই সামান্য উপহার দেওয়া হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...