নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরতে গিয়ে বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।
সাংবাদিক হত্যার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।
তারা বলেন, গণমাধ্যমকর্মীদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। তার হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।