শারদীয় দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ জন্য চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে বিশেষ সাইবার মনিটরিং সেল গঠন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি শহরের শিবতলা এলাকার চরজোতপ্রতাপ দুর্গা মাতা ঠাকুররানী মন্দিরসহ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
প্রেস ব্রিফিংয়ে তরিকুল ইসলাম বলেন, বিশেষ সাইবার মনিটরিং সেলের দুই সদস্য সার্বক্ষণিকভাবে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পর্যবেক্ষণ করছেন। কেউ উসকানিমূলক তথ্য বা গুজব ছড়ালে তাঁকে শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি জানান, এখন পর্যন্ত মনিটরিং সেলের নজরে কোনো উসকানিমূলক পোস্ট বা গুজব আসেনি। চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি রাজশাহীতে এসআরবি-৫-এর সদর দপ্তরেও একই ধরনের সাইবার মনিটরিং সেল সক্রিয় রয়েছে।
পূজামণ্ডপের নিরাপত্তা প্রসঙ্গে কোম্পানি কমান্ডার জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬৪টি পূজামণ্ডপে এসআরবি সদস্যরা সরাসরি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত টহল এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।