রাজশাহী

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন ত্বরান্বিত হবে: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের মধ্য দিয়ে নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। রাজশাহীবাসীও প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীতে উন্নয়নকাজ চলছে। কয়েকটি প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহফুজুর রহমান রিটন এসব কথা বলেন।

রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রাজশাহীতে আসছেন। রাজশাহী সফরের সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার জনগণের সরকার। প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়তে কাজ করছেন। এর ধারাবাহিকতায় রাজশাহীতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়ার গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর ও ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ। এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন, ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং সিনিয়র সিটিজেন পার্ক তৈরির পরিকল্পনাও রয়েছে।

মাহফুজুর রহমান রিটন বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে রাজশাহীতে স্কুল-কলেজ, রাস্তাঘাট ও রেলস্টেশনসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবারও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকাজও চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...