রংপুর বিভাগ

কাউনিয়ায় নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল বাক্‌প্রতিবন্ধী তরুণীর মরদেহ

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের তিন দিন পর একটি পুকুর থেকে তাহমিনা খাতুন (২৫) নামের এক বাক্‌ ও মানসিক প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেষা দর্গারপাড় এলাকায় আতোয়ার রহমানের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাহমিনা রংপুরের হারাগাছ পৌরসভার ফাতাংটারী গ্রামের মোরসেলিমের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহমিনা। তাঁর খোঁজ না পেয়ে ১৬ অক্টোবর হারাগাছ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা।

রোববার সকালে পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনেরা এসে মরদেহটি তাহমিনার বলে শনাক্ত করেন।

তাহমিনার ভাই আলমগীর হোসেন জানান, তাঁর বোন জন্মগতভাবে বাক্‌প্রতিবন্ধী ছিলেন। তিনি মানসিক প্রতিবন্ধিতা ও শারীরিক দুর্বলতায়ও ভুগছিলেন। মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে অন্যের বাড়ি বা বাজারে চলে যেতেন। বৃহস্পতিবার পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, তাহমিনা হারাগাছ থানা এলাকার বাসিন্দা। তাঁর বাক্‌ ও মানসিক প্রতিবন্ধিতার পরিচয়পত্র রয়েছে। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে।

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...