ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটে শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাঁদের মধ্যে ৪৬ জনই প্রথমবারের মতো পার্লামেন্টে দায়িত্ব পালন করবেন। নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যাও বেড়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় জেরুজালেমে নেসেটের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
শপথের আগে সোমবার (৯ নভেম্বর) নতুন নির্বাচিত সদস্যরা পার্লামেন্ট ভবনে পরিচিতিমূলক অধিবেশনে অংশ নেন। সেখানে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রস্তুতিমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পার্লামেন্টে নারী সদস্য থাকছেন ৩৩ জন। ২০২২ সালে শপথ নেওয়া ২৫তম নেসেটে নারী সদস্য ছিলেন ২৯ জন।
নতুন পার্লামেন্টের সবচেয়ে বয়স্ক সদস্য লিকুদ পার্টির হাইম কাটজ। আগামী মাসে তাঁর বয়স হবে ৭৯ বছর। অন্যদিকে সবচেয়ে কম বয়সী সদস্য হচ্ছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বি’ইয়াচাদ পার্টির ইয়োনাতান শালেভ। ২৪ বছর বয়সী শালেভ ইসরায়েলের ইতিহাসে সর্বকনিষ্ঠ পার্লামেন্ট সদস্য হতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ১৯৫৯ সাল থেকে অক্ষুণ্ন থাকা মোশে নিসিমের রেকর্ড ভাঙতে যাচ্ছে।
নেসেটের সবচেয়ে দীর্ঘদিনের সদস্য হলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৮৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে সব মিলিয়ে ৩৫ বছর পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
নতুন সদস্যদের মধ্যে আলোচনায় রয়েছেন বি’ইয়াচাদ পার্টির নোয়াম তিবন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দিন নিজের ছেলে ও তাঁর পরিবারকে উদ্ধারে একক অভিযানে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। তাঁর ছেলে আমির তিবন হারেৎজ পত্রিকার সাংবাদিক। হামলার সময় তাঁরা নাহাল ওজ কিবুতজে অবস্থান করছিলেন।
লিকুদ পার্টির এলিশা মাদানও নতুন সদস্য হিসেবে পার্লামেন্টে যোগ দিচ্ছেন। ২০২৪ সালে গাজায় যুদ্ধ চলাকালে বিস্ফোরণে তিনি দুই পা হারান। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য।
ইসরায়েল বেইতেনু পার্টির শ্যারন শারাবিও নতুন পার্লামেন্টের সদস্য হচ্ছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় তাঁর ভাই ইয়োসি শারাবিকে অপহরণ করা হয়। পরে বন্দিদশায় তাঁর মৃত্যু হয়। তাঁর আরেক ভাই এলি শারাবি গাজায় প্রায় ৫০০ দিন বন্দি ছিলেন। এর আগে তাঁর স্ত্রী ও দুই মেয়েকে বেরি কিবুতজে হত্যা করা হয়।
ইয়াশার পার্টির শিরা শাপিরোও নতুন সদস্যদের একজন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তা আনর শাপিরোর মা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার দিন আনর দায়িত্বে না থাকলেও একটি সড়কপাশের আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ব্যক্তিদের রক্ষায় একাধিক গ্রেনেড প্রতিহত করেন। পরে তিনি নিহত হন।
নতুন সদস্যদের মধ্যে বিতর্কের মুখে থাকা ব্যক্তিও রয়েছেন। তাঁদের একজন লিকুদ পার্টির ইয়াকভ বারদুগো। তিনি নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সমর্থক এবং ডানপন্থী রেডিও উপস্থাপক। সরকারপন্থী চ্যানেল ১৪-এ রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও কাজ করেন তিনি। তাঁর বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি লিকুদ পার্টির কয়েকজন পার্লামেন্ট সদস্য তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছেন।
এ ছাড়া উতসমা ইয়েহুদিত পার্টির চানামেল ডরফম্যানও নতুন সদস্য হচ্ছেন। তিনি দলটির প্রধান ইতামার বেন-গভিরের দীর্ঘদিনের সহযোগী। বসতি স্থাপনকারীদের উগ্রপন্থী তরুণ গোষ্ঠীর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অতীতে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের একাধিক তদন্তের মুখেও পড়েছিলেন তিনি। পশ্চিম তীরে তাঁর প্রবেশ ঠেকাতে ইসরায়েলি সেনাবাহিনী প্রশাসনিক নিষেধাজ্ঞাও জারি করেছিল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।