রংপুর বিভাগ

লালমনিরহাটে কুয়াশা-হিমেল বাতাসে শীতের আমেজ, দিনে আবার তীব্র রোদ

ভোরে ঘাস ও ধানগাছের ডগায় জমছে শিশির। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়। হিমেল বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। অথচ বেলা বাড়লেই দেখা মিলছে তীব্র রোদের। দিনে গরম আর রাতে ঠান্ডা—আবহাওয়ার এমন বৈপরীত্যে উত্তরের জেলা লালমনিরহাটে বদলে যাচ্ছে জনজীবনের চিত্র।

একদিকে নতুন ধান ঘরে তোলাকে ঘিরে গ্রামীণ জনপদে চলছে নবান্নের আয়োজন, অন্যদিকে আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশুদের মধ্যে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো রোগের প্রকোপ বাড়ছে। চিকিৎসা নিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন অভিভাবকেরা।

প্রকৃতির পালাবদলের সঙ্গে গ্রামীণ জনপদে শুরু হয়েছে নতুন ধান ঘরে তোলার ব্যস্ততা। নতুন ফসলকে ঘিরে ঘরে ঘরে চলছে নবান্নের আয়োজন। একসময় নবান্ন উৎসবকে কেন্দ্র করে গ্রামবাংলায় যে জৌলুশ ও আনুষ্ঠানিকতা দেখা যেত, সময়ের পরিবর্তনে তা কিছুটা কমেছে। তবে নতুন ফসল ঘরে তোলার আনন্দ ও আগ্রহ এখনো অটুট রয়েছে।

আবহাওয়ার এমন বৈপরীত্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। সকালে কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে তাঁদের কাজে বের হতে হচ্ছে। আবার বেলা বাড়লে তীব্র রোদের মধ্যে কাজ করতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন তাঁরা। সন্ধ্যা নামার পর আবার বাড়ছে শীতের অনুভূতি।

কালীগঞ্জের কাকিনা এলাকার কৃষক আমজাদ হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে কনকনে ঠান্ডা ও কুয়াশার মধ্যে ক্ষেতে যেতে হয়। বাধ্য হয়ে গায়ে শীতের কাপড় জড়াতে হয়। অথচ সারাদিন প্রচণ্ড রোদ থাকে। সন্ধ্যা নামতেই আবার ঠান্ডা বাতাস শুরু হয়।

জীবিকার তাগিদে সকালে রিকশা নিয়ে রাস্তায় নামেন ফজর উদ্দিন। তিনি বলেন, সকালে এত ঠান্ডা থাকে যে গরম পোশাক ছাড়া বের হলে নানা অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আবার দিনের বেলায় রোদের কারণে গরম পোশাক খুলে রাখতে হয়। সব মিলিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে।

আবহাওয়ার পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে শিশুদের স্বাস্থ্যে। খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাট সদর হাসপাতালের আন্তবিভাগ ও বহির্বিভাগে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। সর্দি, কাশি, জ্বর, হাঁপানি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা নিতে হাসপাতালে আসতে হচ্ছে।

লালমনিরহাট সদর হাসপাতালের বহির্বিভাগের শিশু বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান বলেন, ঋতু পরিবর্তনের এ সময়ে মৌসুমি ফ্লু ও ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব বাড়ে। বর্তমানে হাসপাতালে ভাইরাস জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুরাও আসছে। এ সময়ে শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...