জাতীয়

গাজীপুরে আবার শ্রমিক অসন্তোষ, ১৩ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচটি কারখানায় রোববারের জন্য ছুটি দেওয়া হয়েছে। এদিকে বেতন বাড়ানোর দাবিতে কালিয়াকৈরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। সকাল পৌনে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। এতে সেখানে আর কোনো বিশৃঙ্খলা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকায় কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে আসছেন। এর ধারাবাহিকতায় রোববার সকালে মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এদিকে সকাল ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। তবে কাজে যোগ না দিয়ে সকাল পৌনে ৯টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক ছেড়ে যেতে অনুরোধ করলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। রোববার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ কারণে কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানায় প্রবেশ করে ভাঙচুর চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হন। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট ও এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজ্জউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও জানান, ধারাবাহিক শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...