গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
২৪ নভেম্বর রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার খান ইউনিসের একটি পুলিশ চৌকির কাছে এই হামলা চালানো হয়। স্থানীয় চিকিৎসাকর্মী ও স্বাস্থ্য কর্মকর্তারা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এর ফলে বড় ধরনের সামরিক সংঘর্ষ কমলেও গাজায় ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন এবং হামাসের নিরস্ত্রীকরণ নিয়েও মতপার্থক্য রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের প্রকাশিত হিসাব অনুযায়ী অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এবং পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে হামাস উপকূলীয় একটি সংকীর্ণ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন উপত্যকার প্রায় পুরো জনগোষ্ঠী। খাদ্য, পানি ও চিকিৎসাসেবার সংকটও অব্যাহত রয়েছে।
সূত্র: রয়টার্স
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।