মেক্সিকোর সিনালোয়া রাজ্যে কুখ্যাত মাদক কার্টেল নেতা ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তারে সহায়তা করতে দেশটির আকাশসীমায় নজরদারি ড্রোন উড়িয়েছিল যুক্তরাষ্ট্র। মেক্সিকোর নিরাপত্তা কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের ২৪ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মাদক কার্টেল নেতা এল চাপো ইসিদ্রো নামে পরিচিত মেসা ফ্লোরেসকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেছেন, এই অভিযানে মার্কিন সেনারা মেক্সিকোর মাটিতে সরাসরি কোনো অভিযান পরিচালনা করেনি। দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমেই সহযোগিতা হয়েছে।
মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিকার্দো ত্রেভিয়া ত্রেহো জানিয়েছেন, গত তিন মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য বিনিময় করা হচ্ছিল। এর মাধ্যমে গুয়াসাভে এলাকায় মেসা ফ্লোরেসের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
গ্রেপ্তারের আগের সপ্তাহে মেক্সিকোর অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন দেশটির আকাশসীমায় উড়েছিল। এসব ড্রোনের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী অভিযানের পরিকল্পনা করে এবং পরে কার্টেল নেতাকে ঘিরে ফেলে।
অভিযানে মেসা ফ্লোরেসের পাশাপাশি তার অপরাধী সংগঠনের ১৬ সদস্যকেও আটক করা হয়। পরে তাদের মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়।
তবে গ্রেপ্তারের পর সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহরে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। মেক্সিকোর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন সেনাসদস্য এবং ১৬ জন সন্দেহভাজন অপরাধী।
মেসা ফ্লোরেসের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে। তিনি একসময় বেলত্রান লেইভা সংগঠনের নেতৃত্বে ছিলেন। পরে নিজের নামে একটি অপরাধী সংগঠন গড়ে তোলেন।
মেসা ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রেরও প্রত্যর্পণের আবেদন রয়েছে। ফলে তাকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে।
সূত্র: এপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।