রংপুর বিভাগ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে সন্ধ্যায় জেলার আকাশ পরিষ্কার রয়েছে। সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। মঙ্গলবার ভোরে তা ঘন হয়ে ওঠে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্তও কোথাও কোথাও চারপাশ ঘন কুয়াশায় ঢাকা ছিল। এ সময় শিশিরবিন্দু বৃষ্টির ফোঁটার মতো ঝরতে দেখা যায়।

ঘন কুয়াশার কারণে ভোরে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হয়েছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় পথচারী ও চালকদের চলাচলেও ভোগান্তি তৈরি হয়।

সকালে সড়কে বের হওয়া পথচারী জুবায়ের রহমান বলেন, ‘ভোর থেকেই চারপাশ এতটাই ঘন কুয়াশায় ঢাকা ছিল যে সামান্য দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। গত কয়েক দিনের তুলনায় সকালবেলা শীতের অনুভূতিও অনেক বেশি ছিল।’

শীতের অনুভূতি বাড়লেও জীবিকার তাগিদে ভোর থেকেই কাজে বের হয়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। তাঁদের অনেককে শীতের কাপড় গায়ে জড়িয়ে কাজে যেতে দেখা গেছে। শীত থেকে বাঁচতে কেউ কেউ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহান।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সূর্যের আলো বাধাগ্রস্ত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড়ের আকাশ পরিষ্কার থাকলেও রাতের দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। রাতের শেষ ভাগে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আগামী কয়েক দিন ভোরের দিকে কুয়াশা ও শীতের অনুভূতি থাকতে পারে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...