উত্তরের সীমান্তঘেঁষা নদনদীময় জেলা কুড়িগ্রামে ভিক্ষুক পুনর্বাসনের নামে ছয় বছরে ৮৬ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু সরকারি এ কর্মসূচির সুফল পাননি তালিকাভুক্ত অনেক প্রকৃত ভিক্ষুক। কেউ সহায়তা পেয়েও ভিক্ষাবৃত্তি ছাড়তে পারেননি, আবার অনেকে কোনো সহায়তাই পাননি। অনুসন্ধানে উঠে এসেছে, তালিকায় ভুল ঠিকানা, ভুয়া নাম ও প্রকৃত ভিক্ষুক নন—এমন ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগও রয়েছে।
সরকারি প্রতিবেদনে পুনর্বাসন কার্যক্রমকে সফল হিসেবে দেখানো হলেও বাস্তবে জেলার বিভিন্ন সড়কে আগের মতোই ভিক্ষা করতে দেখা যাচ্ছে অনেককে। ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ছয় বছরের তথ্য অনুসন্ধানে দেখা গেছে, তালিকাভুক্ত ৪৭৩ জনের মধ্যে ২৬ জন পুনর্বাসিত হয়ে ভিক্ষাবৃত্তি ছেড়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে সরেজমিনে যোগাযোগের ঠিকানায় গিয়ে ৩৫৭ জনের ঠিকানা ভুল পাওয়া গেছে। এ ছাড়া তালিকায় থাকা ১১ জন কুড়িগ্রামের বাসিন্দা নন এবং ১৯ জন প্রকৃত ভিক্ষুক নন বলে অনুসন্ধানে উঠে এসেছে। প্রকৃত ভিক্ষুক হওয়া সত্ত্বেও সহায়তা পেয়েও পুনর্বাসিত হতে পারেননি ৪৫ জন।
জেলা সমাজসেবা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ছয় অর্থবছরে ভিক্ষাবৃত্তি বন্ধ করে নতুন পেশায় যুক্ত করার লক্ষ্যে ৮৬ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে। পুনর্বাসনের জন্য কাউকে ধান-চালের ব্যবসা, পিঠা, পান-সুপারি ও মুদি দোকানের উপকরণ, হাঁস-মুরগি বা গরু পালন, ভ্যান ও অটোরিকশা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু অনুসন্ধানে এসব সহায়তার অনেক ক্ষেত্রে বাস্তব প্রমাণ পাওয়া যায়নি।
তালিকার ৪২ নম্বর সিরিয়ালে থাকা রাজারহাট উপজেলার মেকুরতারী গ্রামের মো. তপর উদ্দিনকে সফলভাবে পুনর্বাসিত ভিক্ষুক হিসেবে দেখানো হয়েছে। অথচ তিনি এখনো ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। সমাজসেবা কার্যালয় থেকে পাওয়া ১৫ হাজার টাকা ধান-চালের ব্যবসায় বিনিয়োগের কথা থাকলেও তা খাবার কিনতেই শেষ হয়েছে বলে জানান তিনি।
তপর উদ্দিন বলেন, ‘ভিক্ষা করি পেট চলে। ১৫ হাজার টাকা পাইছি ধানের ব্যবসার জন্য। সেই টাকা খায়া শ্যাষ করছি। মানষে লাখ লাখ টাকা দিয়া ব্যবসা করে আর হামার এই টাকায় ধান-চালের ব্যবসা হয়?’
একই উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামের আবদুল জব্বারকে ভিক্ষাবৃত্তি বন্ধে পান-সুপারির ব্যবসার জন্য অর্থ সহায়তা দেওয়ার কথা তালিকায় উল্লেখ রয়েছে। কিন্তু তিনি এখনো ভিক্ষা করেন। বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী আনজু বেগমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘১২ হাজার টাকা পাইছিলাম। এই টাকায় পান-সুপারির দোকান হয়? দোকান নাই, এই টাকা ভাঙি খাইছি, এল্যাও ভিক্ষা করি চলে হামার।’
গত দুই মাসের অনুসন্ধানে প্রকৃত ভিক্ষুকদের তালিকাভুক্ত না করা, বরাদ্দের অর্থ যথাযথভাবে না দেওয়া, পুনর্বাসনের পর খোঁজখবর না রাখা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়া ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তালিকায় মনগড়া জাতীয় পরিচয়পত্রের তথ্য ও ব্যক্তির নাম ব্যবহারের অভিযোগও রয়েছে।
কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়ার ৬৫ বছর বয়সী আইয়ুব আলীকে ভিক্ষা ছাড়াতে ৩৫ হাজার টাকা মূল্যের একটি গাভি দেওয়ার কথা সরকারি কাগজপত্রে উল্লেখ রয়েছে। কিন্তু অসুস্থ শরীর নিয়ে কয়েক মাস ধরে তিনি শয্যাশায়ী। তাঁর স্ত্রী লাভলী বেগম জানান, গাভি তো দূরের কথা, চিকিৎসার জন্যও তাঁরা কোনো সহযোগিতা পাননি।
লাভলী বেগম বলেন, ‘আমার স্বামী প্রতিবন্ধী। ভিক্ষা করি হামার সংসার চলে। মানুষটা কয়েক মাস ধরি অসুস্থ। সরকার থাকি প্রতিবন্ধী ভাতা পায়, কোন গরু হামরা পাই নাই।’
ভিক্ষুক পুনর্বাসন তালিকার চার নম্বরে রয়েছেন সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালডাঙ্গা গ্রামের সাহেরা বানু। তাঁকেও ৩৫ হাজার টাকা মূল্যের একটি গাভি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সরেজমিনে ওই গ্রামে গিয়ে তাঁর অস্তিত্ব পাওয়া যায়নি।
গ্রামটির পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জোবেদ আলী বলেন, ভাতার তালিকা তৈরির সময় তাঁদের কাছ থেকে নাম নেওয়া হলেও ভিক্ষুক পুনর্বাসনের তালিকার জন্য কোনো নাম নেওয়া হয়নি।
অন্যদিকে, পুনর্বাসন তালিকার পাঁচ নম্বরে থাকা জোবেদ আলীর ঠিকানা হিসেবে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর উল্লেখ করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ওই ব্যক্তির প্রকৃত নাম জাহির আলী। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলায়। তিনি পেশায় চাকরিজীবী, ভিক্ষুক নন।
জাহির আলী বলেন, ‘আমি কোনো গাভি-টাভি পাইনি। বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করি। ভিক্ষুকের তালিকায় আমার মোবাইল নম্বর কীভাবে গেল, জানি না।’
তালিকার ছয় নম্বরে রয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী সহিদার রহমান এবং সাত নম্বরে তাঁর মেয়ে সফিকা খাতুন। দুজনকেই দুটি গরু দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তবে সহিদার রহমানের ছোট মেয়ে শরিফা খাতুন জানান, তাঁর বাবা ভিক্ষা করেন না; স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। তিনি প্রতিবন্ধী ভাতা পান। সমাজসেবা কার্যালয় থেকে একটি গরু দেওয়া হলেও কয়েক মাস পর সেটি অসুস্থ হয়ে মারা যায়। তাঁর বোন সফিকাও দৃষ্টিপ্রতিবন্ধী ও ভাতা পান, তবে কোনো গাভি পাননি।
তালিকার ৩৭ ও ৪০ নম্বর—দুই জায়গাতেই উমর মজিদ ইউনিয়নের মমেনা বেগমের নাম রয়েছে। তবে অনুসন্ধানে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির বলেন, এই নামে দুজন আলাদা ব্যক্তি রয়েছেন। তিনি তাঁদের নাম দিয়েছেন এবং তালিকার নাম দুটি সঠিক বলে দাবি করেন।
ভিক্ষুক পুনর্বাসন তালিকার ৩৩১ নম্বরে রয়েছে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদুল হকের নাম। তাঁর নামে নগদ অর্থ ও ছাগল পালনের সহায়তা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তবে এরশাদুল হক বলেন, তালিকায় কীভাবে তাঁর নাম এসেছে, তা তিনি জানেন না। সমাজসেবা কার্যালয় থেকে কোনো সুবিধাও নেননি।
একই ধরনের অসংগতি দেখা গেছে তালিকার ৩৩২, ৩৩৫, ৩৩৬ ও ৩৩৮ নম্বর সিরিয়ালে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও। তাঁদের প্রত্যেকের নামে ছাগল পালন ও অর্থ সহায়তার কথা উল্লেখ থাকলেও তাঁরা কেউ ছাগল পাননি বলে জানিয়েছেন।
৩৩২ নম্বর সিরিয়ালে থাকা পশ্চিম হাট গোপালপুর গ্রামের ইয়াকুব আলীর পরিবারও কোনো ছাগল বা নগদ অর্থ পায়নি বলে দাবি করেছে। তাঁর স্ত্রী বানেছা বেগম বলেন, ‘আমার স্বামীর নামে শেষে ফকির আছে। কবিরাজিও করে টুকটাক আর কামলা দিয়া খায়। তাঁর নামে কোনো ছাগল, টাকা আমরা পাই নাই।’
তালিকার ৩৩৬ নম্বরে থাকা করিম উদ্দিন বলেন, তিনি দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন, কখনো ভিক্ষা করেননি এবং সমাজসেবা কার্যালয় থেকেও কোনো সহায়তা পাননি।
তালিকার ৩৫২ থেকে ৩৬৪ নম্বর পর্যন্ত ১৩ জনই চিলমারী উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে প্রকৃত ভিক্ষুক থাকলেও কেউই বরাদ্দের নগদ অর্থ পাননি বলে অভিযোগ রয়েছে। তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন সমকালের চিলমারী সংবাদদাতা।
চিলমারী ইউনিয়নের মনতোলা এলাকার মো. আসাদ আলী এখনো ভিক্ষা করে দিন কাটান। পুনর্বাসনের তালিকায় নাম থাকলেও কোনো সহায়তা পাননি বলে জানান তিনি।
মুদাফৎথানা সরকারপাড়া রমনা এলাকার মো. অন্তর মিয়া বলেন, অনেক দিন আগে তাঁদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ছাগল কিংবা নগদ অর্থ—কোনো সহায়তাই পাননি। রমনা মিস্ত্রীপাড়া এলাকার জাহাঙ্গীর আলমও একই অভিযোগ করেন।
মণ্ডলপাড়া এলাকার মোছা. রাছিরন বেগম একসময় ভিক্ষা করলেও এখন আর করেন না। তিনি জানান, পুনর্বাসন কর্মসূচির আওতায় ছাগল বা নগদ অর্থ—কোনো সহায়তাই পাননি।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুড়িগ্রামের সভাপতি খায়রুল আনম বলেন, ভিক্ষুক পুনর্বাসন সরকারের একটি মহৎ উদ্যোগ। কিন্তু সেই উদ্যোগ প্রকৃত মানুষের কাছে না পৌঁছানো দুঃখজনক ও লজ্জার। তিনি বিষয়টি তদন্ত করে অসংগতিগুলো দূর করার দাবি জানান।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য প্রতিমা রায় চৌধুরী বলেন, ভিক্ষুক পুনর্বাসনের নামে প্রকৃত ভিক্ষুকদের সহায়তা দিতে না পারা বড় ধরনের দুর্নীতি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
অভিযোগের বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহ. হুমায়ুন কবির বলেন, এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। প্রকৃত ভিক্ষুকদের তালিকা করা হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদনে উল্লেখ করা ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই মুহূর্তে তিনি মাঠ পরিদর্শনে রয়েছেন। তালিকাগুলো নিয়ে কার্যালয়ে গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।