দিনাজপুর

বিরলে কৃষকের আলুখেত নষ্ট, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দিনাজপুরের বিরলে প্রায় এক বিঘা জমির আলুখেত উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মো. আব্দুল্লাহ (৪৫) নামে এক কৃষক বিরল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি জমি নিয়ে বিরোধের জেরে আলুগাছ উপড়ে ফেলা এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথা উল্লেখ করেছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোয়ালবাড়ী গ্রামের খচি মোহাম্মদের ছেলে মো. ফরিদুল ইসলাম (৩২) এবং মৃত সিদ্দিকের স্ত্রী মোছা. ঝেলেঙ্গী বেওয়া (৫৬)। অভিযোগকারী আব্দুল্লাহ ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ধুলাতৈড় গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।

লিখিত অভিযোগে আব্দুল্লাহ উল্লেখ করেন, বিরল থানার বিশ্বনাথপুর মৌজার ২৩৬ নম্বর জেএলভুক্ত ১৯৬ নম্বর খতিয়ানের ৫২৪ নম্বর দাগে ২০ শতক জমি তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন। নদীসংলগ্ন হওয়ায় জমিটি দীর্ঘদিন পানিতে ডুবে ছিল। পরে চর জেগে জমিটি দৃশ্যমান হলে তাঁর অগোচরে ফরিদুল ইসলাম ও ঝেলেঙ্গী বেওয়া সেখানে চাষাবাদের চেষ্টা করেন। তিনি এর প্রতিবাদ করলে ফরিদুল ইসলাম তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

আব্দুল্লাহর দাবি, ওই অভিযোগের পর থানার মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এ সময় তিনি জমির দলিলপত্র দেখালেও অপর পক্ষ তাদের দাবির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে তারা ওই জমির ওপর নিজেদের দাবি ছেড়ে দিতে বাধ্য হয়।

অভিযোগে তিনি আরও বলেন, নিজের ওই জমিসহ চাচাদের কাছ থেকে বন্ধক নেওয়া এক বিঘার কিছু বেশি জমি মিলিয়ে মোট দেড় বিঘা জমিতে চলতি মৌসুমে আলু চাষ করেন। নিয়মিত পরিচর্যাও করছিলেন। গত ২০ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে আলুখেত পরিচর্যা করতে গিয়ে দেখেন, প্রায় এক বিঘা জমির আলুগাছ উপড়ে ফেলে জমিসংলগ্ন নদীর পাড়ে পুঁতে রাখা হয়েছে। এতে তাঁর আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আব্দুল্লাহর অভিযোগ, এ ঘটনায় ফরিদুল ইসলামের কাছে জানতে চাইলে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. বাবু মেম্বার ও কীটনাশক ব্যবসায়ী মো. জিয়াউর রহমানের উপস্থিতিতে ফরিদুল ইসলাম আলুগাছ উপড়ে ফেলার কথা স্বীকার করেন। একই সঙ্গে ভবিষ্যতেও তাঁর জমির ফসল নষ্ট করার হুমকি দেন। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের একা পেলে মারধর এবং খুন-জখমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী আব্দুল্লাহ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...