দিনাজপুর প্রতিবেদকঃ দূর থেকে দেখলে মনে হবে আধুনিক নকশায় নির্মিত দৃষ্টিনন্দন একটি একাডেমিক ভবন। নতুন রং, আকর্ষণীয় নকশা আর সাজানো প্রবেশমুখ সহজেই নজর কাড়ে। কিন্তু কাছে গেলেই চোখে পড়ে নির্মাণের নানা ত্রুটি। মেঝে, প্রবেশমুখ ও বারান্দার অন্তত ২০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই খসে পড়ছে পলেস্তারা। অথচ এখনো ভবনটি হস্তান্তর করা হয়নি।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাজিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক ভবনে এমন চিত্র দেখা গেছে। ভবনটির নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল বিভাগের যোগসাজশে নিম্নমানের কাজ করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
রোববার সরেজমিনে দেখা যায়, সদ্য রং করা ভবনটির বাইরের অংশ বেশ আকর্ষণীয় হলেও ভেতরে ও প্রবেশমুখে রয়েছে নানা ত্রুটি। প্রবেশমুখের মেঝে দেবে গিয়ে সেখানে ফাটল তৈরি হয়েছে। বারান্দার বিভিন্ন স্থানেও ফাটল দেখা গেছে। প্রতিটি কক্ষের দরজার পাশে ফাটল রয়েছে। দেয়ালের পলেস্তারা এতটাই দুর্বল যে সামান্য চাপেই তা খসে পড়ছে।
জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটি নির্মাণে ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়। দরপত্রে ৫ শতাংশ কম দরে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার মো. হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্পের আওতায় একতলা একাডেমিক ভবনের চারতলা ভিত্তি নির্মাণসহ স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ অন্তর্ভুক্ত ছিল। কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১২ মাস।
তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। প্রায় দুই বছর পর চলতি মাসে নির্মাণকাজ শেষ করে ভবনটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে ফাটল ও নির্মাণজনিত ত্রুটি দেখা দেওয়ায় ভবনের স্থায়িত্ব ও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগ, ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের যোগসাজশে নিম্নমানের কাজ করা হয়েছে। এ কারণে ভবন হস্তান্তরের আগেই নানা সমস্যা দেখা দিয়েছে।
শিক্ষার্থীর অভিভাবক খাইরুল ইসলাম বলেন, ‘একাডেমিক ভবন নির্মাণের পরই ফাটল দেখা দিয়েছে। এতেই বোঝা যায়, কতটা নিম্নমানের কাজ করা হয়েছে! দেয়ালে একটু চাপ দিলেই পলেস্তারা খসে পড়ছে। তাই ভবনটি হস্তান্তরের আগে কারিগরি পরীক্ষার জোর দাবি জানাচ্ছি। তা না হলে এ ভবনে শিক্ষার্থীরা নিরাপদ নয়।’
গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, তাঁদের গ্রামের এই মাদ্রাসায় একটি নতুন ভবন নির্মাণ ছিল দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ভবনেই এখন ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বে অবহেলার কারণে এমন পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দায়ীদের শাস্তিও দাবি করেন সাইফুল ইসলাম।
মাদ্রাসার শিক্ষিকা মোছা. মমতাজ বেগম বলেন, ভবনের পলেস্তারা করার সময় ঠিকাদারের লোকজন সঠিক অনুপাতে সিমেন্ট ব্যবহার করেননি। তখন প্রতিবাদ করলেও তাঁরা কর্ণপাত করেননি। এখন দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। কয়েকটি দরজার কাঠও ভেঙে যাচ্ছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ভবনের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন বলেন, ফাটলগুলো মেরামত করে দেওয়া হবে।
ভবন নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে পরে প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম বলেন, এসব বিষয় তাঁর জানা ছিল না। খোঁজ নিয়ে দেখবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে গত দুই দিন ধরে একাধিকবার ফোনে যোগাযোগ ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সুত্রঃ সমকাল
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।