যমুনা সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় রেললাইন ও মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আশিক হোসেন (৩৯) ও ইমরুল কায়েস (১৯)। সাদ্দাম সদর উপজেলার দিয়ার ধানগড়া সরদারপাড়া এলাকার বাসিন্দা। আশিক সয়দাবাদ মধ্যপাড়া এবং ইমরুল কড্ডা কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় রেললাইনে আগুন জ্বালানোর ঘটনা ঘটে। একই রাতে জেলার আরও কয়েকটি স্থানে মহাসড়কেও আগুন জ্বালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেললাইনে আগুন জ্বালানোর সময় কয়েকজনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। এ সময় ‘সদর থানা ছাত্রলীগের পক্ষ থেকে দেশব্যাপী ধর্মঘট সফল হোক’ বলেও স্লোগান দেওয়া হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
একই রাতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হাটিকুমরুল মোড় ও উল্লাপাড়া এলাকায় মহাসড়কে আগুন জ্বালানোর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, সোমবার রাতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।