জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো তরুণ প্রজন্ম দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রশ্নে কোনো আপস করা হবে না। এ লক্ষ্য অর্জনে তাঁরা লড়াই চালিয়ে যাবেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে। তারা নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না। যত দিন তাঁরা বেঁচে থাকবেন, তত দিন এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
তিনি বলেন, এ দেশের মানুষ বিভিন্ন সময়ে অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে। তবে প্রতিবারই সেই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্টও তার প্রমাণ পাওয়া গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ইতিহাসে নতুন একটি ক্যালেন্ডারের ধারণা তৈরি হয়েছে। ৩২, ৩৩, ৩৪, ৩৫ কিংবা ৩৬ তারিখ অন্য কোনো দেশে নেই। এটি বাংলাদেশের বিশেষ অভিজ্ঞতা। ১ হাজার ৪০০ তরুণ-তরুণীর রক্ত ও জীবনের বিনিময়ে এই জুলাই এসেছে। অতীতের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদের অবসানের প্রত্যাশা নিয়ে তরুণেরা রাজপথে নেমেছিলেন।
তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সবাই সরকারি চাকরি পাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নামেননি। দেশে সর্বোচ্চ ২১ লাখ সরকারি চাকরিজীবী রয়েছেন। অথচ আন্দোলনে অংশ নিয়েছিলেন প্রায় চার কোটি তরুণ-যুবক। তাঁদের সবাই সরকারি চাকরি পাওয়ার আশায় আন্দোলনে যুক্ত হয়েছিলেন, এমনটি ভাবার সুযোগ নেই। অনেকের পড়াশোনা তখনো শেষ হয়নি, আবার অনেকের সরকারি চাকরিতে প্রবেশের বয়সও পেরিয়ে গিয়েছিল।
আন্দোলনকারীদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, তাঁদের অনেকে স্পষ্ট করে জানিয়েছিলেন, তাঁরা শুধু কোটা সংস্কারের জন্য নয়, বরং রাষ্ট্রের আমূল সংস্কারের দাবিতে আন্দোলনে এসেছেন। পুরো রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনই ছিল তাঁদের প্রত্যাশা।
জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ন্যায়বিচার উল্লেখ করে শফিকুর রহমান বলেন, মানুষ জীবনের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরি ও ব্যবসাসহ সব ক্ষেত্রে ন্যায্য অধিকার চায়। নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্র যেন সবার সঙ্গে ন্যায়সংগত আচরণ করে, সেটিই তাঁদের প্রত্যাশা।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারি দল ও বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষ জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল। তখন সবাই সংস্কারের পক্ষে অবস্থান জানিয়েছিল। জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনাও জনগণের সামনে তুলে ধরেছে। বর্তমান সরকারি দলও এর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল এবং নির্বাচনী ইশতেহারে এসব বিষয় অন্তর্ভুক্ত করেছিল।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। সেখানে ৩৩টি রাজনৈতিক দল মাসের পর মাস আলোচনায় অংশ নেয়। কোনো বড় বা মৌলিক রাজনৈতিক দল বাদ পড়েনি। এসব আলোচনার ভিত্তিতেই জুলাই সনদ প্রণীত হয়েছে।
শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। এর একটি সরকার গঠনের জন্য এবং অন্যটি রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের জন্য। কিন্তু বর্তমান সরকারি দল দুটি সিদ্ধান্তের মধ্যে একটি মেনে অন্যটি মানেনি। এ কারণে সংকট তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। এই প্রতারণা তাঁরা মেনে নেবেন না, জনগণও মেনে নেবে না। প্রতিশ্রুতি অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন এবং এ দাবি হারিয়ে যেতে দেবেন না।
সংবিধান সংশোধনের উদ্যোগের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, জনগণের দাবিকে পাশ কাটিয়ে বারবার সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে। তাঁর দাবি, সংবিধান সংশোধনের পক্ষে গণভোট হয়নি। ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা উপেক্ষা করা যায় না। কোনো রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের এই রায়কে সম্মান জানাতে হবে। তা না হলে জনগণকে অপমান করার পাশাপাশি নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হবে।
ফ্যাসিবাদের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়; এটি একটি ভাইরাসের মতো। যার মধ্যে এর লক্ষণ দেখা যাবে, তাকেই ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত করতে হবে। বর্তমান সরকারকে এখনই ফ্যাসিবাদী বলতে চান না জানিয়ে তিনি দাবি করেন, সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের অনেক লক্ষণ দেখা যাচ্ছে।
দেশের সামাজিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, অতীতের সমাজব্যবস্থায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি; বরং বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে। এসবের প্রতিবাদে তাঁরা সাত দফা দাবি নিয়ে রাজপথে নেমেছেন। বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং ধারাবাহিকভাবে তিনটি লংমার্চে জনগণের ব্যাপক সমর্থন পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াতের আমির বলেন, তরুণ সমাজের একটি অংশ শুধু মাদক সেবনেই জড়িয়ে পড়ছে না, মাদক সংরক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হচ্ছে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও মাদক বিক্রির ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো সন্তান কখন এই বিপদের মধ্যে পড়ে যাবে, তা নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন। তাঁর মতে, তরুণ ও কিশোর সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
কিশোর গ্যাংয়ের বিস্তার প্রসঙ্গে তিনি বলেন, একসময় দেশে এ ধরনের অপরাধী গোষ্ঠীর অস্তিত্ব তেমন পরিচিত ছিল না। এখন শহরের পাশাপাশি গ্রামেও এর বিস্তার ঘটেছে। তবে কিশোরদের এককভাবে দায়ী না করে এর পেছনে সমাজব্যবস্থা ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকাও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, ব্যক্তি, দল ও গোষ্ঠীস্বার্থে বিভিন্ন সরকার ও রাজনৈতিক পক্ষ এসব অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়েছে।
এ প্রসঙ্গে সংসদে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, চার দিন আগে সংসদে তিনি জানিয়েছিলেন, সরকারি দলের একজন প্রবীণ সদস্য জনসভায় বলেছেন, অতীতে ফ্যাসিস্ট দলের নেতারা মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন, আর বর্তমানে তাঁর দলের নেতারা তা নিয়ন্ত্রণ করছেন। এমন বক্তব্য দেওয়ার জন্য ওই নেতাকে ধন্যবাদ জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে জামায়াতের আমির বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করে সেখানে জোর করে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁদের অনেকেরই দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা নেই। দলীয় নেতাদের সন্তুষ্ট করতে পারাই তাঁদের নিয়োগের প্রধান যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা ও গভর্নিং কমিটিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা দেওয়া হচ্ছে। অন্যদিকে যোগ্য ও অসহায় শিক্ষকেরা কোণঠাসা হয়ে পড়ছেন। দলীয় পরিচয় ও প্রভাবের কারণে মেধাহীন ব্যক্তিরা প্রাধান্য পাচ্ছেন। মাদক এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারির এই পরিস্থিতি দেশের শিক্ষা ও শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।
সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সমাজের প্রতিটি স্তর থেকে অসৎ নেতৃত্ব সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে সামাজিক সুবিচার নিশ্চিত করা সম্ভব হবে না।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে কোনো ভোট ডাকাত, ষড়যন্ত্রকারী কিংবা নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির সঙ্গে জড়িত ব্যক্তিকে সহযোগিতা করা হবে না। জনগণকে সংগঠিত করে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বিপথগামী যুবসমাজকে রক্ষায় দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। যারা মাদক বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, তাদের বাদ না দিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। বিপথগামী তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারলেই এই বিভাগের কার্যক্রম সফল হবে।
তিনি বলেন, শুধু জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কাজ করলে চলবে না। নিজেদের চরিত্র ও চিন্তাভাবনার প্রতি সতর্ক থাকার পাশাপাশি পুরো সমাজের যুবসমাজকে কল্যাণ, ন্যায় এবং ধর্মীয় মূল্যবোধের পথে যুক্ত করতে হবে।
তরুণদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, যৌবন সৃষ্টিকর্তার দেওয়া মূল্যবান নিয়ামত। দেশের যুবকদের দেশপ্রেম ও ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার এবং শক্তিশালী জাতীয় রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ডিসেম্বর মাসের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই মাসজুড়ে জামায়াতের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিতে দলের নেতাকর্মীদের সর্বশক্তি নিয়ে অংশ নিতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি অতীতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেতাদের সমালোচনা করেন। তাঁর দাবি, তাঁরা নিজেদের অপরাধের কারণে দেশে থাকার প্রয়োজন বোধ করেননি। দেশ ছেড়ে যাওয়ার পরও তাঁরা জাতিকে কষ্ট দিচ্ছেন। এ সময় তিনি বলেন, এ দেশের মানুষ সহজে জেগে ওঠে না, তবে একবার জেগে উঠলে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।