শ্রমবাজারের চাহিদা পূরণে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের সুযোগ তৈরি করেছে ইতালি। এ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকেরা কাজের সুযোগ পাবেন। কৃষি, পর্যটন, গৃহস্থালি পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।
ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় ২০২৭ সালের জন্য এ কর্মী নিয়োগের কোটা নির্ধারণ করা হয়েছে।
দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের জন্য বরাদ্দ কোটার মধ্যে ১৪ হাজার জনকে পারিবারিক পরিচর্যা খাতে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া ও নিয়ম
ইতালিতে কাজের জন্য আগ্রহী প্রার্থীদের দেশটির নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। সাধারণত ‘ফ্লো ডিক্রি’ বা ইতালির অভিবাসন আইনের আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে কাজের অনুমতির আবেদন করা হয়।
আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্টের কপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামাসহ প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য দিতে হয়।
২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম গত ২৩ অক্টোবর শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন।
তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ, ইতালির কোনো বৈধ নিয়োগকর্তা কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। শুধু অনলাইনে তথ্য পূরণ করলেই কাজের অনুমতি বা ভিসা নিশ্চিত হবে না।
মধ্যস্থতাকারীদের বিষয়ে সতর্কতা
ইতালিতে কর্মী নিয়োগের বিশেষ প্রশিক্ষণ প্রকল্পের যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। ফলে এ প্রকল্পের আওতায় নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না।
ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির সুযোগ নেই। কেউ মধ্যস্থতার জন্য অর্থ লেনদেন করলে তাঁকে ভিসা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
নিয়োগদাতার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ
রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় পরিচালিত এসব প্রকল্প সম্পূর্ণভাবে নিয়োগদাতার চাহিদার ভিত্তিতে তৈরি করা হয়।
ইতালির যেসব প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন, সেসব প্রতিষ্ঠান প্রথমে তাদের কর্মী চাহিদা নির্ধারণ করে। পরে সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।