বিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রতি ‘যৌক্তিক’ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ইরানের

মধ্যপ্রাচ্যে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রকে ‘যৌক্তিক’ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরান কূটনীতি ও আত্মরক্ষা—দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত। তবে চূড়ান্ত পরিস্থিতি নির্ভর করছে ইরানের বিভিন্ন প্রশ্নের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের ওপর।

এদিকে ইসরায়েলি হামলায় গাজায় এক শিশুসহ আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে পারস্য উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির নৌপরিবহন সংস্থা নাকিলাত।

রোববার (১ নভেম্বর) মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এসব তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

যুক্তরাষ্ট্রের প্রতি কূটনীতির আহ্বান ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। ইরান আশা করছে, যুক্তরাষ্ট্র অন্য কোনো পথ বেছে না নিয়ে কূটনীতিকে প্রাধান্য দেবে।

নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘যৌক্তিকতা’র পরিচয় পাওয়া গেলে ইরান কূটনৈতিক সমাধানের পথে এগোতে প্রস্তুত। একই সঙ্গে দেশের প্রতিরক্ষার বিষয়েও তারা প্রস্তুত রয়েছে।

এর আগে শনিবার তিনি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইরানের আলোচকরা কাতারে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র কয়েকটি শর্ত পূরণ করলে দুই দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে দেওয়া সম্ভব হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না বলেও জানান তিনি।

নেতানিয়াহুর সঙ্গে ‘ভালো আলোচনা’ হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং আলোচনা ‘খুব ভালো’ হয়েছে।

তবে দুই নেতার মধ্যে কী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তা জানাননি ট্রাম্প। শুধু বলেছেন, ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাঁদের কথা হয়েছে।

এদিকে সাম্প্রতিক নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহু আবারও ইরানে হামলার পথে যেতে পারেন—এমন আশঙ্কা করছেন ইসরায়েলের কিছু নাগরিক। তাঁদের ধারণা, রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের জন্য নেতানিয়াহু নতুন করে সামরিক সংঘাতে জড়াতে পারেন।

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৮

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আটজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হন। তাঁদের মরদেহ নাসের হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে গাজা সিটিতে পৃথক হামলায় তিনজন নিহত হন। তাঁদের মধ্যে চার বছর বয়সী এক শিশু রয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিসে কয়েকজন সশস্ত্র যোদ্ধা এবং উত্তর গাজায় হামাসের একজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে বড় ধরনের সংঘাত অনেকটা বন্ধ হলেও গাজায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৫৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সব মিলিয়ে যুদ্ধ শুরুর পর নিহতের সংখ্যা ৭৪ হাজার ৫০০ ছাড়িয়েছে।

তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের মৃত্যুর সংখ্যা আলাদাভাবে প্রকাশ করে না। ইসরায়েল দাবি করে, তারা সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং হামাস বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে।

ইয়েমেনে চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, হোদেইদা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে দুটি বিমান হামলা চালানো হয়েছে। হুতিদের নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুতিরা এ হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা একটি ‘নির্ভুল অভিযান’ পরিচালনা করেছে।

গত কয়েক মাসে হুতি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত বেড়ে যাওয়ায় বন্দরনগরী হোদেইদা বারবার হামলার শিকার হচ্ছে। এতে ইয়েমেনের দীর্ঘদিনের ভয়াবহ গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পারস্য উপসাগরে কাতারের গ্যাসবাহী জাহাজে আঘাত

পারস্য উপসাগরে কাতারের একটি এলএনজি পরিবহনকারী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির নৌপরিবহন সংস্থা নাকিলাত।

সংস্থাটি জানায়, ‘আল মায়েদা’ নামের জাহাজটি শুক্রবার রাতে আঘাতের শিকার হয়। এতে জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো নাবিক আহত হননি। পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। জাহাজটি এখনো চলাচলের উপযোগী রয়েছে।

তবে কারা বা কোন পক্ষ থেকে আঘাতটি করা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং তদন্তের কথা বলেছে।

ইরান এর আগে বিভিন্ন জাহাজে হামলার দায় স্বীকার করেছে এবং অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

হুতি হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যু, তদন্তের দাবি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হেফাজতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের এক কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মোহাম্মদ আল-শামি নামের ওই কর্মী ২০২৪ সালের জুন থেকে হুতিদের আটক অবস্থায় ছিলেন। জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, বারবার অনুরোধ করা সত্ত্বেও হুতিরা তাঁর শারীরিক অবস্থা কিংবা জীবিত থাকার কোনো প্রমাণ দেয়নি।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হুতিদের হেফাজতে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একজন কর্মীর মৃত্যু হয়েছিল।

যুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা এমআই৬-কে শত্রুভাবাপন্ন প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলায় সামরিক ঘাঁটি ও রসদ সরবরাহের মাধ্যমে সহায়তা করার অভিযোগে যুক্তরাজ্যের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের এই ঘোষণার ফলে এমআই৬-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির আইনে ব্যবস্থা নেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে যুক্তরাজ্য ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: এপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...