পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধায় জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দেশটির জাতীয় পরিষদের সদস্য মাওলানা আবদুল গফুর হায়দারিও রয়েছেন। বুধবার রাতে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সরগোধার একটি বাড়ি থেকে মাওলানা আবদুল গফুর হায়দারি, মালিক আওয়াইস এবং মাওলানা আমজাদ খানকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগজুড়ে জারি করা ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে।
সরগোধা অঞ্চলের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহেল সুকেরা ডনকে জানান, ওই নেতাদের পাশাপাশি দলের আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে।
তবে মাওলানা হায়দারির আটকের বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশ কর্মকর্তা বলেন, তাঁদের গ্রেপ্তার করা হয়নি; বরং বিভাগের মধ্যে তাঁদের চলাচল সীমিত করা হয়েছে।
অন্যদিকে জেইউআই-এফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেছে, পাঞ্জাব পুলিশ মাওলানা হায়দারি, মাওলানা আমজাদ খান ও মালিক আওয়াইসকে গ্রেপ্তার করেছে।
দলটির মুখপাত্র আসলাম ঘোরির বরাত দিয়ে ওই পোস্টে বলা হয়, নেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় এর পরিণতির জন্য পাঞ্জাব সরকারকে দায় নিতে হবে।
আসলাম ঘোরি প্রশ্ন তোলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিজে রাজনৈতিক সমাবেশ করছেন, অথচ বিরোধী দলগুলোর সভা-সমাবেশ কেন নিষিদ্ধ করা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোরও সভা করার অধিকার রয়েছে বলে দাবি করেন তিনি।
জাতীয় পরিষদের সদস্য মাওলানা আবদুল গফুর হায়দারিকে আটক করার ক্ষেত্রে জাতীয় পরিষদের স্পিকারের অনুমতি নেওয়া হয়েছিল কি না, সে প্রশ্নও তুলেছেন দলটির মুখপাত্র। তাঁর অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া নেতাদের আটক করা গণতন্ত্রের জন্য অপমানজনক।
এদিকে পাঞ্জাবের খুশাব জেলায় জেইউআই-এফের আরও কয়েকজন স্থানীয় নেতাকে জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ বা এমপিও-এর আওতায় আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে সরকারি আদেশ অমান্য, জনদুর্ভোগ সৃষ্টি, বেআইনি বাধা এবং দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি এমপিওর ১৬ ধারায় গুজব ছড়ানোর অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মাওলানা আবদুল্লাহ আহমেদ, কাজি উমায়ের আহমেদ, মুহাম্মদ আবদুর রহমান সৌদ, মুহাম্মদ দিলাওয়ার খান, মুহাম্মদ আম্মার, হাসনাইন মুয়াবিয়া, মুহাম্মদ ইসমাইল খান, মুহাম্মদ উমর, ইব্রাহিম খান, মুহাম্মদ কাসিম আফজাল ও মুহাম্মদ আওয়াইস আহমেদ। এ ছাড়া লাঠিসোঁটা বহনকারী আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের এজাহার অনুযায়ী, খুশাবের পুরানা চকে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের সময় পুলিশ মাদ্রাসা তালিম-উল-ইসলামের বাইরে একটি সমাবেশ দেখতে পায়। সেখানে মাওলানা আবদুল্লাহ আহমেদ ১৪৪ ধারা অমান্য করে লোকজন জড়ো করছিলেন এবং উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এরপর পুলিশ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে। খুশাবের ডেপুটি কমিশনার ২৩ নভেম্বর থেকে সমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
জেইউআই-এফের প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরোধও সাম্প্রতিক সময়ে বেড়েছে। গত মঙ্গলবার তিনি অভিযোগ করেন, তাঁকে কয়েক ঘণ্টা ধরে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যাতে তিনি একটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে না পারেন।
লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আয়োজিত বহুদলীয় সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বাড়ির সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকায় তিনি বের হতে পারেননি বলে অভিযোগ করেন।
এর আগে কেন্দ্রীয় সরকার ও জেইউআই-এফের মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রশাসনিক পরিস্থিতি, প্রাদেশিক সরকারের কার্যকারিতা এবং রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে বিরোধ তৈরি হয়।
তবে পুলিশ জানিয়েছে, নেতাদের চলাচলে বিধিনিষেধ আরোপের বিষয়টি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ১৪৪ ধারা বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে দলটি এ ঘটনাকে রাজনৈতিক হয়রানি হিসেবে দেখছে।
সূত্র: ডন
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।