দিনাজপুর

দিনাজপুরে বাড়ছে শীতের সবজি, কমেছে মাছ-মুরগি ও ডিমের দাম

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল ও বীরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে বেশির ভাগ সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে বীরগঞ্জের বাজারে কোনো কোনো সবজির দাম কেজিতে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত কমেছে। পাশাপাশি মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দামও কমেছে। এতে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

গতকাল শনিবার কাহারোল হাট এবং বীরগঞ্জ পৌরশহরের দৈনিক বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বীরগঞ্জের দৈনিক বাজার, বলাকা মোড়, যদুর মোড় ও হাটখোলা বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। অন্যদিকে কাহারোলের বাজারেও অধিকাংশ সবজি ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, কাহারোলে প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি ৩০ টাকা, বেগুন ৩০ টাকা, পটল ৩০ টাকা, মুলা ২০ টাকা, পেঁপে ২৫ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বীরগঞ্জে গত সপ্তাহে প্রতি কেজি ফুলকপি ৮০ থেকে ১০০ টাকা থাকলেও এখন আকারভেদে ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। বাঁধাকপি ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা, পটল ৫০ থেকে ৩০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১০০ টাকা এবং ঢেঁড়স ৬০ থেকে ৪০ টাকায় নেমেছে। এ ছাড়া লম্বা বেগুন ৬০ থেকে ৩০ টাকা, দেশি বেগুন ১০০ থেকে ৪০ টাকা, হাইব্রিড শসা ৬০ থেকে ৪০ টাকা, করলা ৬০ থেকে ৩০ টাকা, ধনেপাতা ২০০ থেকে ৮০ টাকা এবং টমেটো ১৮০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। লাউয়ের দামও ৪০-৫০ টাকা থেকে কমে আকারভেদে ২০-৩০ টাকায় নেমেছে।

বিক্রেতারা জানান, বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় দাম কমেছে। বলাকা মোড়ের সবজি বিক্রেতা হাসান আলী বলেন, আগাম শীতের সবজির দাম কমতে শুরু করেছে। কয়েক দিনের মধ্যে দাম আরও কমতে পারে বলে আশা করছেন তিনি।

মাছের বাজারেও কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, মাসের শেষ সপ্তাহে ক্রেতার উপস্থিতি কম থাকায় মাছের বিক্রি কমেছে। পাশাপাশি সরবরাহ ও চাহিদার পরিবর্তনেও কিছু মাছের দাম কমেছে। গত সপ্তাহে বড় রুই মাছের কেজি ৩৫০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। ছোট ও মাঝারি রুই ২৮০ থেকে কমে ২৫০ টাকা, কাতলা ৪০০ থেকে ৩৫০ টাকা, গ্রাসকার্প ৩২০ থেকে ২৯০ টাকা, কার্পজাতীয় মাছ ৩০০ থেকে ২৮০ টাকা এবং তেলাপিয়া ২২০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে পাঙাশ মাছের দামে বাজারভেদে পার্থক্য রয়েছে। কোনো কোনো বিক্রেতার হিসাবে, গত সপ্তাহের ২২০ টাকা থেকে কমে এখন কেজি ২০০ টাকা হয়েছে। আবার কোথাও আকারভেদে ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে কাহারোলের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা এবং সোনালী মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। বীরগঞ্জের বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। ডিমের দামও হালিপ্রতি ৪ থেকে ৫ টাকা কমেছে। বর্তমানে লাল ডিম ৪৫ টাকা, হাঁসের ডিম ৬০ টাকা এবং দেশি মুরগির ডিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...