দিনাজপুর : “দক্ষ যুব গড়বে দেশ-সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য ছিল জাতীয় ও যুব পতাকা উত্তোলন, বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ।
১ নভেম্বর ২০২৬ রবিবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় ও যুব পতাকা উত্তোলন করা হয়। বেলুন – ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করেন প্রধান অতিথিও বিশেষ অতিথি। এরপর বর্ণাঢ্য যুব র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মূসা পিপিএম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফরিদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী, প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল। এনজিও’র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, সফল যুব সংগঠক সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন, সফল আত্মকর্মী মোঃ রেজানুর ইসলাম, প্রশিক্ষনার্থী মোঃ হাবিবুর রহমান ও সানজিদা স্বর্নালী হ্যাপি।
সর্বশেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের জন্য ৬ জনকে যুব ঋণের চেক বাবদ ৭ লক্ষ ৫ হাজার টাকার অনুদান ও ২ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক ও দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষন মোঃ রায়হান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোছাঃ আঁখি আরা বেগম ও মোছাঃ ফারজানা চৌধুরী।
ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে ঋণ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়। পাশাপাশি বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।
বিরামপুর : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বিরামপুরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন এবং সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ, প্রশিক্ষিত ও কর্মমুখী যুবসমাজ গড়ে তোলা সম্ভব হলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য তরুণদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ, আত্মকর্মসংস্থানে এগিয়ে আসা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। তাদের মেধা, শ্রম, সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণসহায়তা তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের অংশ হিসেবে যুব ঋণের চেক বিতরণ করা হয়। ঋণসহায়তার মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া, ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলা এবং নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, বেকারত্ব নিরসন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিরল : দিনাজপুরের বিরলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, জামায়াতের সেক্রেটারি আজমীর হোসাইন, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার সিনিয়র সদস্য সচিব হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, বিরল থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রফিকুল ইসলাম এবং বিরল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে ১৬ জন প্রশিক্ষিত যুব উদ্যোক্তার মাঝে মোট ১৪ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
কাহারোল : “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল, উপজেলা নির্বাহী অফিসার মোকেলেদা খাতুন মীম। উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা.সাধারণ সম্পাদক মোঃ শামিম আলী সহ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃরোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও ও যুব সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিক. স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র্যালি ও আলোচনা সভার সার্বিক সহযোগিতায় ছিল কাহারোল এডিপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
বীরগঞ্জ : “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বীরগঞ্জ এডিপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, চেক বিতরণ ও অলোচনা সভায় বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার জমিল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ শক্তি। প্রযুক্তিনির্ভর এই যুগে তাদের সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া অত্যন্ত জরুরি। আমরা চাই বীরগঞ্জের প্রতিটি যুবক-যুবতী ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হোক, কর্মসংস্থান তৈরি করুক এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখুক। প্রশিক্ষণই পারে তাদেরকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করতে।
এ সময় দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওছার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন -আহবায়ক মোঃ আব্দুল জব্বার, সফল উদ্যোক্তা মোঃ মইন উদ্দিনমল্লিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীর মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এসময় ৩ জন সফল যুব সংগঠকের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। র্যালিতে সাংবাদিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা, জে এস কে এস ও ই এস ডিও এনজিও-সহ শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।