রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে আমের খোসা আর ফেলনা নয়, তৈরি হচ্ছে সুগন্ধি চা

আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে আমের বহুমুখী ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণের নতুন সম্ভাবনা তৈরি করেছেন তিন তরুণ উদ্যোক্তা। ফেলে দেওয়া আমের খোসা থেকে তাঁরা তৈরি করছেন বিশেষ ধরনের চা, যার নাম দিয়েছেন ‘ম্যাংগো পিল টি’। অল্প পরিসরে উৎপাদন শুরু হলেও স্থানীয় চা-প্রেমী ও দোকানিদের মধ্যে ইতোমধ্যে সাড়া ফেলেছে পণ্যটি।

জেলার ভোলাহাট উপজেলার এই তিন উদ্যোক্তা হলেন মোহা. মাইনুল ইসলাম, মিঠুন ও মাসুম আলী। তাঁদের উদ্যোগের লক্ষ্য আমের অপচয় কমানো এবং প্রক্রিয়াজাত পণ্য তৈরি করে চাষি ও উদ্যোক্তাদের জন্য নতুন আয়ের পথ তৈরি করা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং ও গ্রাফিকস ডিজাইনের কাজ করতেন মাইনুল ইসলাম। পাশাপাশি আম নিয়ে নতুন কিছু করার পরিকল্পনাও ছিল তাঁর। ২০২১ সালে আমের ন্যায্যমূল্য না পেয়ে চাষিদের দুর্ভোগ দেখে আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেন তিনি।

শুরুতে বন্ধু মিঠুনকে সঙ্গে নিয়ে বিনা পুঁজিতে আমসত্ত্ব তৈরির চেষ্টা করেন। তবে খোলা মাঠে আম শুকানোর সময় ধোঁয়া ও পশুর লোমের মতো নানা সমস্যায় পড়তে হয় তাঁদের। পরে বড় ভাই ও বন্ধু মাসুমকে বিনিয়োগকারী হিসেবে যুক্ত করে আম শুকানোর যন্ত্রের সন্ধান শুরু করেন। বাজারে এ ধরনের যন্ত্রের দাম ১১ লাখ টাকা শুনে নিজেরাই যন্ত্র তৈরির সিদ্ধান্ত নেন।

ইন্টারনেটের সহায়তা নিয়ে নিজেদের মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে মাত্র ৫ লাখ টাকায় একটি আধুনিক হিটার মেশিন তৈরি করেন তাঁরা। এই যন্ত্র ব্যবহার করে গত বছরের ৭ জুলাই থাই মানের ড্রাই ম্যাংগো তৈরিতে সফল হন। এরপর প্রিমিয়াম মানের ম্যাংগো লেদার, সস ও পাউডার তৈরিও শুরু করেন। এবার সেই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে আমের খোসা থেকে তৈরি চা।

উদ্যোক্তারা জানান, এক মণ বা ৪০ কেজি আম প্রক্রিয়াজাত করার পর যে খোসা অবশিষ্ট থাকে, তা থেকে বিশেষ প্রক্রিয়ায় প্রায় এক কেজি ‘ম্যাংগো পিল টি’ তৈরি করা যায়।

চা তৈরির প্রক্রিয়ায় প্রথমে আম ভালোভাবে ধুয়ে কীটনাশকমুক্ত করা হয়। এরপর খোসা ছাড়িয়ে মূল আম দিয়ে তৈরি করা হয় অন্যান্য পণ্য। খোসাগুলো বিশেষ পদ্ধতিতে শুকিয়ে কয়েকটি ধাপ শেষে গুঁড়া করে চা প্রস্তুত করা হয়। মান ও ধরনভেদে স্থানীয় বাজারে প্রতি কেজি চা বিক্রি হচ্ছে দুই থেকে চার হাজার টাকা দরে।

উদ্যোক্তাদের দাবি, এই চায়ে আমের স্বাভাবিক ঘ্রাণ ও স্বাদের পাশাপাশি রয়েছে পুষ্টিগুণ।

কানসাটের আমচাষি নাদিম হোসেন বলেন, আমের ন্যায্যমূল্য না পাওয়ার এই সময়ে আম থেকে বিভিন্ন ধরনের পণ্য ও চা তৈরি করা গেলে ফলটির কদর বাড়বে। এতে আমের দাম বাড়ার পাশাপাশি জেলার অর্থনীতিও শক্তিশালী হবে।

ভোলাহাটের চা-দোকানি আব্দুল আলিম বলেন, যাঁরা একবার এই চা পান করেছেন, তাঁরা আবারও তাঁর দোকানে আসছেন। স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় এবং তুলনামূলক সাশ্রয়ী দামে পাওয়া যাওয়ায় চা বিক্রি করে তাঁর ব্যবসাও ভালো হচ্ছে।

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও স্থানীয় প্রতিনিধি সবিউল ইসলাম সবুজও চায়ের স্বাদের প্রশংসা করেছেন। তাঁদের ভাষ্য, এই চা পান করলে মনে হয় যেন আস্ত আম খাওয়া হচ্ছে।

উদ্যোক্তা মিঠুন তাঁদের এ উদ্যোগের পেছনে উপজেলা কৃষি কর্মকর্তা এবং আম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিনের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বেকার তরুণদের চাকরির পেছনে না ছুটে সম্ভাবনাময় এ খাতে কাজ করার পরামর্শ দেন।

আরেক উদ্যোক্তা মাসুম আলী জানান, অর্থের অভাবে তাঁরা এখনো বড় পরিসরে উৎপাদন ও রপ্তানি শুরু করতে পারেননি। প্রয়োজনীয় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি বাজারসংযোগ পাওয়া গেলে ‘ম্যাংগো পিল টি’ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারে বলে আশা তাঁদের।

ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী বলেন, আমশিল্পকে টিকিয়ে রাখতে কৃষি বিভাগ সব সময় উদ্যোক্তাদের পাশে রয়েছে। ফেলে দেওয়া আমের খোসা কাজে লাগিয়ে তরুণদের এই উদ্যোগ একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোমিনুল হকও উদ্যোগটির প্রশংসা করে বলেন, কৃষিপণ্যের অপচয় রোধ ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের সৃজনশীল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...