কয়েক দফা আলু চাষ করে লোকসানের মুখে পড়া এবং উৎপাদিত আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় এবার আগাম ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন নীলফামারীর কৃষকরা। বাজারে ভুট্টার চাহিদা ও তুলনামূলক ভালো দাম থাকায় আগের লোকসান পুষিয়ে নেওয়ার আশায় আগাম জাতের ভুট্টা আবাদে ব্যস্ত সময় পার করছেন তারা। বছরের এই সময়ে অনেক এলাকায় ঐতিহ্যগতভাবে আলু চাষ করা হলেও এবার অধিক লাভের আশায় সেই জমিতে ভুট্টা চাষ করছেন অনেকে।
তবে সার সংকট, কীটনাশকের অস্বাভাবিক দাম এবং কৃষিশ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় ভুট্টা উৎপাদনের খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। তাদের আশঙ্কা, উৎপাদন খরচ এভাবে বাড়তে থাকলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হয়ে পড়বে।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম জাতের ভুট্টা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেকেই আগাম আলু চাষের সিদ্ধান্ত থেকে সরে এসে ভুট্টা আবাদ করছেন। জমি প্রস্তুত, বীজ বপন ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটছে তাদের।
সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, গত দুইবার আলু চাষ করে তিনি পুঁজি হারিয়েছেন। ব্যাংক ও দাদন ব্যবসায়ীদের ঋণ পরিশোধ করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। তাই এবার লোকসান পুষিয়ে নেওয়ার আশায় আগাম ভুট্টা চাষ করছেন। বাজারে ভুট্টার চাহিদা ভালো থাকায় কিছুটা লাভের প্রত্যাশা করছেন তিনি।
একই এলাকার কৃষক মো. আলতাফ হোসেন বলেন, ভুট্টার বাজারদর ভালো থাকায় তারা আশাবাদী। তবে উৎপাদন খরচ নিয়ে শঙ্কা কাটছে না। একদিকে সারের সংকট, অন্যদিকে কীটনাশকের চড়া দাম। এর সঙ্গে যোগ হয়েছে কৃষিশ্রমিকের বাড়তি মজুরি। এভাবে খরচ বাড়তে থাকলে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কাই বেশি।
জলঢাকা উপজেলার কৃষক রহিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রয়োজনের সময় সার পাওয়া যাচ্ছে না। ডিলারদের কাছে গেলে নানা অজুহাত দেখানো হয়। অনেক সময় বেশি দাম দিয়েও সার সংগ্রহ করতে হচ্ছে। পাশাপাশি কীটনাশক ও সেচের খরচও বাড়ছে। সব মিলিয়ে ভুট্টা চাষ করে উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, নীলফামারীর মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের জন্য বেশ উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কৃষকরা যথাসময়ে প্রয়োজনীয় পরিচর্যা করতে পারলে আগাম ভুট্টার ভালো ফলন পাওয়া সম্ভব। তবে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষায় সার ও বীজের সরবরাহ নিশ্চিত করা জরুরি।
কৃষকদের প্রত্যাশা, ভুট্টার বাজারদর অনুকূলে থাকার পাশাপাশি কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে রাখা এবং সার সরবরাহে কার্যকর নজরদারি নিশ্চিত করা হলে আগাম ভুট্টা চাষের মাধ্যমে তারা আগের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারবেন।
নীলফামারী কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. জাকির হোসেন জানান, গত বছর জেলায় ৩১ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবাদ হয়েছিল ৩৩ হাজার হেক্টর জমিতে। এ বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৮০০ হেক্টর।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।