রাজশাহী

সময়মতো হাসপাতালে না এলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হওয়া চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়াসহ প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১৮ অক্টোবর) সকালে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।

পরিদর্শনকালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি, রোগীদের খাবার ও ওষুধের সংকট এবং অপরিচ্ছন্ন বাথরুম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হুইপ। তিনি জানান, সকাল ৮টার মধ্যে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিত থাকার কথা থাকলেও সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও অনেককে পাওয়া যায়নি।

এ সময় তিনি নাটোরের সিভিল সার্জনকে অনুপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার উদ্যোগ নিতে বলেন। সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পরও নির্ধারিত সময়ে দায়িত্ব পালন না করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

হাসপাতালের শয্যা ও বরাদ্দের অসামঞ্জস্য তুলে ধরে দুলু বলেন, হাসপাতালটি সরকারি হিসাবে ১০০ শয্যার অনুমোদন নিয়ে পরিচালিত হলেও বর্তমানে ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে সেবা দিচ্ছে। অথচ জনবল, ওষুধ ও খাবারের বরাদ্দ ১০০ শয্যার হিসাবেই রয়েছে। ফলে বিপুলসংখ্যক রোগীকে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, ১০০ শয্যার জন্য বরাদ্দ করা জনবল, ওষুধ ও খাবার দিয়ে প্রতিদিন ৯০০ রোগীকে সেবা দেওয়া কঠিন। অনেক রোগী ঠিকমতো খাবার পাচ্ছেন না বলেও তাঁকে জানিয়েছেন। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নজরে আনার কথা জানান তিনি।

হাসপাতালের বাথরুম অপরিষ্কার থাকলে রোগীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে উল্লেখ করে দুলু পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব এবং সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

পরিদর্শনকালে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাহাবুবুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...